সওজের জায়গায় মাছের আড়ত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে মাছের আড়ত স্থাপন করার অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইছাহাক আলীর নেতৃত্বে কিছু প্রভাবশালী এ আড়ত নিয়ন্ত্রণ করছেন।
হঠাৎ এই আড়ত বসানোয় আশপাশের পাঁচটি সরকারি হাটের (কিচক, মোকামতলা, মহাস্থান, শিবগঞ্জ ও উথলী হাট) মাছের পাইকার ও ক্রেতা-বিক্রেতা কমে গেছে। ফলে ওই সব হাটের ইজারাদারেরা লোকসানের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন। এ ব্যাপারে ইজারাদারদের পক্ষ থেকে অবৈধ আড়তটি ভেঙে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীরকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের পক্ষ থেকেও আড়তটি অপসারণের জন্য ইউএনওকে অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করেন। পরে আড়ত অপসারণের জন্য নোটিশও দেন। কিন্তু আড়তটি অপসারিত হয়নি।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের শিবগঞ্জ উপজেলার আলাদীপুর মাদ্রাসার পাশে আড়তটি স্থাপন করা হয়েছে। আড়তে ছাউনি দেওয়া ১৭টি ঘর (মাছ বিক্রির জন্য) আছে। এখানে প্রতিদিন ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত পাইকারি দরে মাছ বেচাকেনা হয়। আশপাশের প্রায় ২০টি এলাকা থেকে এ আড়তে মাছ ব্যবসায়ীরা এসে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, গত ৪ আগস্ট থেকে আড়তটি চালু হয়। গত ২৯ অক্টোবর সমন্বয় কমিটির সভায় সব ইউপি চেয়ারম্যান একজোট হয়ে অবৈধ আড়তটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে দাবি জানিয়েছেন। আড়তটি উচ্ছেদ না হলে সামনের বছর ক্ষতিগ্রস্ত হাটগুলোর ইজারামূল্য কমে যাবে।
মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম দাবি করেন, ছাউনি দেওয়া ঘরগুলো যেখানে করা হয়েছে, সে জায়গাটি মাদ্রাসার কাছ থেকে ১ লাখ ২৪ হাজার টাকায় পত্তন নিয়ে করা হয়েছে। আর যেখানে মাছ নিয়ে এসে যানবাহনগুলো জটলা করে, সেটি সওজের জায়গা।
উপজেলার মোকামতলা ও উথলী হাটের ইজারাদার ওমর ফারুক বলেন, ‘চলতি বছরের জন্য প্রায় ৪০ লাখ টাকা দিয়ে মোকামতলা এবং ১৮ লাখ টাকা দিয়ে উথলী হাট ইজারা নেওয়া হয়। কিন্তু আলাদীপুরে অবৈধ মাছের আড়তের জন্য এই দুটি হাটে মাছের আমদানি নেই বললেই চলে। তেমন কোনো ক্রেতা এবং পাইকারেরা আসছেন না হাটে। গত ২ নভেম্বর বিষয়টি ইউএনওকে লিখিতভাবে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে লাভ তো দূরের কথা, আমাদের মূলধন ফিরে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
গত ২৫ নভেম্বর আড়ত এলাকায় ইছাহাক আলী সংবাদ সম্মেলন করে বলেছিলেন, মাদ্রাসার জায়গা পত্তন নিয়ে এলাকার উন্নয়নে এ আড়ত গড়ে তোলা হয়েছে। আড়তের কারণে সড়কে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি হয় না। এ আড়ত অপসারণের আগে সড়কের পাশে আরও যেসব আড়ত আছে সেগুলোও আপসারণ করার দাবি জানান তিনি।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো বলেন, গত ২০ নভেম্বর সাত দিনের মধ্যে আড়তটি বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু তাঁরা তা করেননি, এখন খুব শিগগির সেখানে আড়ত উচ্ছেদে অভিযান চালানো হবে।
সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, সওজের জায়গা দখলমুক্ত করতে শিগগির উচ্ছেদ অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।