সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা।
এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সওজের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের এক কর্মচারীর যোগসাজশে চেক জালিয়াতির মাধ্যমে এক ঠিকাদার ওই টাকা ব্যাংক থেকে প্রায় তুলেই ফেলেছিলেন। কিন্তু ওই ব্যাংক কর্মকর্তার চেষ্টায় তা আর সম্ভব হয়নি।
এ ঘটনায় সওজের ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে সওজের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবদুল আউয়াল সরকার (৩০) ও ঠিকাদার শরীফ আলমের (৪২) বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন। আবদুল আওয়াল গত মঙ্গলবার সকাল ১১টা থেকেই পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল আওয়াল সরকার কুমিল্লা দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রামের সুলতান আহমের ছেলে। ঠিকাদার শরীফ আলম মামুন কুমিল্লা সদর উপজেলার বজ্রপুর গ্রামের ইউসুফ স্কুল রোডের বাসিন্দা। পরস্পর যোগসাজশে মাত্র ২৬ হাজার ৭৯০ টাকার বিপরীতে তাঁরা এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
মামলার এজাহার ও সওজ সূত্রে জানা গেছে, ২০১১-২০১২ অর্থবছরের ঠিকাদারের জামানতের টাকা ফেরত দিতে গত ১৮ সেপ্টেম্বর সওজের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ ঠিকাদার প্রতিষ্ঠান আবদুল্লাহ আল মামুন ফার্মের নামে ৯ হাজার ৪০০ টাকা, মেসার্স এন ইসলাম অ্যান্ড কোম্পানির নামে ১১ হাজার ৪৬০ টাকা ও মেসার্স হেলাল এন্টারপ্রাইজের নামে ৫ হাজার ৯৩০ টাকার তিনটি চেকে স্বাক্ষর করেন।
তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানেরই মালিক ঠিকাদার শরীফ আলম। নির্বাহী প্রকৌশলী তিনটি চেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় জমা দেওয়ার জন্য কম্পিউটার অপারেটর আবদুল আওয়াল সরকারকে দেন।
পরে আবদুল আওয়াল ও শরীফ আলম নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত আবদুল্লাহ আল মামুন ফার্মের নামের চেকে টাকার অঙ্কের জায়গায় থাকা ৯৪০০ সংখ্যার আগে ২০০০ বসিয়ে সেটিকে ২ কোটি ৯ হাজার ৪০০ টাকা, মেসার্স এন ইসলাম অ্যান্ড কোম্পানির চেকে ১১৪৬০ সংখ্যার আগে ৩০০ বসিয়ে সেটিকে ৩ কোটি ১১ হাজার ৪৬০ টাকা এবং মেসার্স হেলাল এন্টারপ্রাইজের নামের চেকে ৫৯৩০ সংখ্যার আগে ৫০০ বসিয়ে সেটিকে ৫০ লাখ ৫ হাজার ৯৩০ টাকার চেকে পরিণত করেন। আবদুল আওয়াল গত ১৯ সেপ্টেম্বর চেকটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় জমা দেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, চেকগুলো পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ ওই দিনই ক্লিয়ারিংয়ের মাধ্যমে শহরের কুমারমিল মোড়স্থ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ৫ কোটি ৫০ লাখ ২৬ হাজার ৭৯০ টাকা সংগ্রহ করে গ্রাহকের হিসাবে জমা রাখে। ওই দিনই টাকা উত্তোলন করতে গ্রাহক শরীফ আলম ব্যাংকে যান। পরে তাঁর স্বাক্ষর রেখে পরের দিন যেতে বলে ব্যাংক কর্তৃপক্ষ।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই শাখার ব্যবস্থাপক নিজামউদ্দিন যাচাই-বাছাইয়ের জন্য ১৯ সেপ্টেম্বর সড়ক বিভাগকে একটি চিঠি দেন। পরে সড়ক বিভাগ বিষয়টি জালিয়াতি বলে জানিয়ে গ্রাহকদের টাকা না দিতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ সোনালী ব্যাংক সওজের কোষাগার থেকে পাওয়া টাকা গ্রাহকের হিসাব থেকে স্থানান্তর করে ব্যাংকের হিসাবে নিয়ে আসে।
সওজের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, আবদুল আউয়াল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়ক বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে ওই টাকা সড়ক বিভাগের নিজস্ব কোষাগারে নিয়ে আসার জন্য আলোচনা চলছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যাবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বড় অঙ্কের লেনদেন হওয়ায় আমরা সড়ক বিভাগের সাথে যোগাযোগ করেছি। পরে সড়ক বিভাগের সাথে কথা বললে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।’
এ ব্যাপারে কথা বলতে ঠিকাদার শরীফ আলম ও কম্পিউটার অপারেটর আবদুল আওয়াল সরকারের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রশিদ বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।