সকাল-সন্ধ্যায় ছিনতাই, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০ দিনে অন্তত চারটি ছিনতাই ও বাসার জানালার গ্রিল কেটে একটি চুরির ঘটনা ঘটেছে আদাবরের মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে। ছিনতাইয়ের অধিকাংশ ঘটনা ঘটেছে সকালে ও সন্ধ্যায়। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের অন্তত আটজন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ওই বাসিন্দারা বলেন, ১ জানুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে সড়কে হাঁটতে থাকা এক দম্পতি ছিনতাইকারীর কবলে পড়েন। এরপর ৫ জানুয়ারি একজন বয়স্ক নারীকে ছুরি ঠেকিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
গত শনিবার দিবাগত রাতে সড়কের একটি বাসার জানালার গ্রিল কেটে চোর প্রবেশ করে। গতকাল ওই বাসায় গিয়ে দেখা যায়, কাটা গ্রিল মেরামত করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে জানালার বাইরে নতুন লোহার গ্রিল লাগানো হচ্ছে।
ওই বাসার একাধিক বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে জানালার গ্রিল কেটে একাধিক ব্যক্তি প্রবেশ করে। মুঠোফোন ও টাকাপয়সা নিয়ে যায়। এ ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, গত সোমবার সন্ধ্যায় এবং মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া ব্যক্তির চিৎকারে লোক জড়ো হওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীদের অধিকাংশই বয়সে তরুণ।
গতকাল সড়কটি ঘুরে দেখা যায়, এর শেষ মাথায় গিয়ে আর যাওয়ার পথ নেই। সেখানে ওয়াসার একটি পানির পাম্প অবস্থিত। পাম্প কার্যালয়ের পাশ দিয়ে সরু একটি পায়ে হাঁটার পথ আছে। হাঁটাপথটির ফটক তালাবদ্ধ। আগে এই সরু পথ দিয়ে মোহাম্মদী হাউজিং থেকে শেখেরটেক এলাকায় যাতায়াত করা যেত।
সড়কের বাসিন্দারা বলেন, ছিনতাইকারীরা সরু পথটির বন্ধ ফটকের ওপর দিয়ে পালিয়ে যায়। সড়কটির শেষ মাথা বন্ধ থাকায় যানবাহন খুব একটা প্রবেশ করে না। তাই সড়কের বাসিন্দারা সকালে ও সন্ধ্যায় এখানে হাঁটতে আসতেন। পরপর কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পর সড়কে লোকজন হাঁটতে বের হচ্ছেন না। সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।
স্থানীয় এক নারী বাসিন্দা বলেন, ‘সকাল আটটার সময় যদি ছিনতাই হয়, তাহলে আমরা কীভাবে চলব। প্রতিনিয়ত বাচ্চাদের নিয়ে বের হতে হয়। এখন মেয়েকে নিয়ে রিকশায় আসার সময়ও ভয় হয়। বড় সড়কে ভয় লাগে না, কিন্তু ২ নম্বর সড়কে ঢুকলেই আতঙ্কে থাকতে হয়।’
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার কথা শুনেছি। পুলিশ ২ নম্বর সড়কে ছিনতাইয়ের বিষয়ে কাজ করছে। বৃহস্পতিবার থেকে পুলিশের একটি দল রাত ১২টা থেকে সকাল পর্যন্ত সেখানে থাকছে।’
সড়কের বাসিন্দারা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জানিয়েছেন। এ বিষয়ে কাউন্সিলর প্রথম আলোকে বলেন, ‘আগে কখনোই ছিনতাই হয়নি। টানা কয়েকটা ঘটনার কথা শুনেছি। বেশির ভাগ ঘটনাই সকাল সাতটা থেকে আটটার মধ্যে। নিজে ওই সড়কে দিনে দু-তিনবার করে যাচ্ছি। বন্ধ ফটকের ওপর কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। অপরাধীদের ধরতে চেষ্টা করা হচ্ছে।’