হরতালের সমর্থনে সিলেটে গতকাল রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশি বাধায় সকালে ছাত্রদলের একাংশের মানববন্ধনও হয়নি।
ছাত্রদল সূত্র জানায়, ২০-দলীয় জোটের হরতালের সমর্থনে গতকাল বিকেল চারটার দিকে জেলা ও মহানগর ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলটি জিন্দাবাজার পৌঁছালে পুলিশ ধাওয়া করে ফাঁকা গুলি ছোড়ে। ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে ছাত্রদলের একাংশের মানববন্ধন করতে দেয়নি পুলিশ। ছাত্রদলের গোবিন্দগঞ্জ কলেজ শাখার সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক জিল্লুল হক গত ২৭ জুন খুন হন। এ ঘটনার ছয় মাস পরও সব হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে কর্মসূচি শেষ করেন নেতা-কর্মীরা।