সকালে হাজিরা, দুপুরে রায় ঘোষণার আগে পালালেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার বার উদ্ধারের একটি মামলায় জামিনে থাকা আসামি মো. বেলাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে হাজিরা দেন। দুপুরে রায় ঘোষণার আগে তিনি পালিয়ে যান। পরে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর।
রায়ে আসামি বেলালকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ৩১ মার্চ দুবাই থেকে উড়োজাহাজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যাত্রী বেলাল। বিমানবন্দর থেকে বের হওয়ার পর ১৯টি সোনার বারসহ তাঁকে গ্রেপ্তার করে র্যাব। এই ঘটনায় র্যাব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক অমর কান্তি বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৬ মে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১ সেপ্টেম্বর আসামি বেলালের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। গ্রেপ্তার হওয়ার ছয় মাস পর জামিন পান আসামি।
সরকারি কৌঁসুলি বলেন, জামিন পাওয়ার পর প্রতিটি ধার্য দিনে আসামি বেলাল আদালতে হাজির ছিলেন। গতকাল রায় ঘোষণার ধার্য দিনেও তিনি সকালে আদালতে হাজিরা দেন। দুপুরে রায় ঘোষণার সময় আসামিকে ডাকা হলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।