সকালে হুমকি দিয়ে বিকেলে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সকালে হত্যার হুমকি দিয়ে বিকেলে বাড়িতে ঢুকে নুরুল হক (৩৫) নামের এক তরুণকে তাঁর মায়ের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার ফতুল্লার রসুলপুরে এ ঘটনা ঘটে।
মাদক ব্যবসায় সহযোগিতা না করায় ক্ষিপ্ত হয়ে ফতুল্লার মীর হোসেন ওরফে ল্যাংড়া মিরু বাহিনীর সন্ত্রাসীরা নুরুল হককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মিরু ও ওমর ফারুক বাহিনীর সদস্য আবদুর রাজ্জাক ও তাঁর ছেলে হৃদয়কে গ্রেপ্তার করেছে।
নিহত নুরুল হকের মা যমুনা বেগম বলেন, ‘মঙ্গলবার সকালে স্থানীয় মাদক ব্যবসায়ী মির হোসেন মিরু ও ওমর ফারুক বাহিনীর সদস্য হৃদয় বাসায় এসে আমাকে বলে, “ওই বুড়ি, তোর পোলারে মাইরা ফালামু, কেউ বাঁচাইতে পারব না। তোর পোলা কই”। পরে বিকেলে হুমকিদাতা হৃদয়সহ শান্ত, মিরুর ভাগনে শাকিল, সজীব, আমির হোসেন, মোমিন এবং কালা জাহাঙ্গীরসহ আরও কয়েকজন এসে আমার সামনে ঘর থেকে নুরুল হককে তুলে নিয়ে যায়। আমি তাদের পেছনে ছুটি। স্থানীয় বটতলার দিকে নেওয়ার পথে নুরুল হককে এলোপাতাড়ি পেটানো হচ্ছিল। তখন আমি বাধা দিলে সন্ত্রাসীরা আমাকেও পেটায়। একপর্যায়ে আমার ছেলেকে বৌবাজার বটতলায় নিয়ে পিটিয়ে নিথর দেহ ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা।’
যমুনা বেগম জানান, স্থানীয় লোকজন নুরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু টাকার অভাবে তিনি (যমুনা বেগম) হাসপাতালে যেতে পারেননি। গতকাল বুধবার সকালে হাসপাতাল থেকে তিনি ছেলের মৃত্যুর সংবাদ পান। তিনি অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী মিরু ও ফারুক নুরুলকে দিয়ে জোর করে মাদক ব্যবসা করানোর চেষ্টা করেছে। এতে রাজি না হওয়ায় নুরুলের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দেয় তারা। এরপরও নুরুল তাদের কথায় রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মিরু ও ফারুক লোকজন নিয়ে নুরুলকে পিটিয়ে হত্যা করেছে।
গতকাল বিকেলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত জাহান চৌধুরী জানান, নুরুল হকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুর রাজ্জাক ও তাঁর ছেলে হৃদয়কে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।