সকালের নিরিবিলি পরিবেশে বেপরোয়া ছিনতাইকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে স্নিগ্ধ কোলাহলমুক্ত কোমল পরিবেশে হাঁটাচলা করা এখন নাগরিক জীবনের যেন অবিচ্ছেদ্য অংশ। মানুষ তার দেহঘড়ি ঠিক রাখতে কাকডাকা ভোরে নেমে পড়ে রাস্তায় কিংবা পার্কে। কিন্তু সেখানেও দুর্বৃত্তদের হানা। রংপুর শহরে প্রাতর্ভ্রমণকালে ১২ দিনে ১১টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন নগরবাসী।
শীতের সকালে কুয়াশায় বেশি দূরে দেখা যায় না। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে ছিনতাইকারীরা। তারা ওত পেতে থেকে সকালে হাঁটতে বের হওয়া মানুষজনের ওপর হামলা চালাচ্ছে। ছোরার ভয় দেখিয়ে কেড়ে নিচ্ছে মুঠোফোন। টাকাপয়সাও নিয়ে যাচ্ছে। কেউ বাধা দিলে করা হচ্ছে মারধর।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লার রাস্তাগুলোতে লোকজন হাঁটাচলা করছেন। তাঁদের একটা অংশ নারীও। এসব লোকের বেশির ভাগই বয়স্ক বা মধ্যবয়স্ক। কেউ একাকী, কেউ বা দল বেঁধে হাঁটছেন। সাধারণত যাঁরা একাকী হাঁটেন, তাঁরাই ছিনতাইকারীদের লক্ষ্য হন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
২ ডিসেম্বর সকাল সাতটার দিকে শহরের মুলাটোল এলাকার ব্যাংক কলোনির সামনে ছিনতাইয়ের শিকার হন গণেশপুর এলাকার প্রকৌশলী আবদুল হান্নান। তিনি চিৎকার করলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। প্রকৌশলী হান্নান বলেন, ‘প্রতিদিনের মতো সকালে মর্নিংওয়াকে বেরিয়েছিলাম। আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী পথ আটকে আমার মোবাইল ফোন ও পকেটে থাকা টাকা নিয়ে যায়। বাধা দিলে ছুরিকাঘাত করে। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।’ তিনি এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
৪ ডিসেম্বর সকাল পৌনে সাতটার দিকে শহরের বাস টার্মিনাল রোডের গণেশপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন গুড়াতিপাড়ার ব্যবসায়ী রফিকুল ইসলাম। দুর্বৃত্তরা তাঁর মুঠোফোন নিয়ে যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকালবেলা যে একটু শান্তিমতো হাঁটাচলা করব, তারও কোনো উপায় নেই।’
শালবন মিস্ত্রিপাড়া সড়কে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা হাসান মিয়া ছনিতাইয়ের শিকার হন ৬ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টায়। ছিনতাইকারীরা ভয় দেখিয়ে তাঁর মুঠোফোন ও টাকা নিয়ে যায়।
১১ ডিসেম্বর শহরের ধাপ এলাকার লালকুঠি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ছিনতাইয়ের শিকার হন বেসরকারি চাকরিজীবী আনোয়ার হোসেন। সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই দিন প্রায় একই সময় গোমস্তাপাড়া এলাকায় আরেকটি ছিনতাই হয়। নিতাই চন্দ্র নামের একজনের ৫০০ টাকা খোয়া গেছে।
এ ছাড়া ৫ ডিসেম্বর সকালে সদর হাসপাতালের সামনে দুজন নারীকে ছিনতাইয়ের চেষ্টাকালে তাঁরা চিৎকার শুরু করে দেন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এভাবে ২ ডিসেম্বর থেকে গত রোববার পর্যন্ত ১২ দিনে শহরের হনুমানতলা, তাজহাট বাবুপাড়া, লালবাগ, গুড়াতিপাড়া, নিউ সেনপাড়া ও আদর্শপাড়ায় আরও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এসব ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন হলো রাতে ছিনতাইয়ের ঘটনা নেই বললেই চলে। কিন্তু এখন তারা যে ভোরে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তা জানা নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। ভোরে পুলিশের টহল জোরদার করা হবে।’