সখীপুর উপজেলা পরিষদে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদে বিএনপি-সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজার কক্ষে গত শনিবার রাতে চুরি হয়েছে। এ সময় চোরেরা প্রয়োজনীয় ফাইলপত্র তছনছ ও কিছু তৈজসপত্র নিয়ে যায়। এ ঘটনায় থানায় গতকাল রোববার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 
সবুর রেজা বলেন, তিনি গতকাল সকাল ১০টার দিকে কক্ষের তালা খুলে ভেতরে ঢুকলে আলমারি খোলা ও কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। এ ঘটনায় পরিষদের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রফিকুল ইসলাম থানায় জিডি করেছেন।
এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, চোরেরা কক্ষের গ্রিল কেটে একটি পানির হিটার, ১২টি গ্লাস, ২৪টি হাফ প্লেট, ২০টি চায়ের কাপ, ২৪টি পিরিচ, ৪০টি চা-চামচ, ১৮টি বড় প্লেট, একটি কলসি, একটি দেয়ালঘড়ি ও একটি ফ্লাক্স নিয়ে গেছে। এ ছাড়া চোরেরা ওই কক্ষের কাগজপত্র তছনছ করে।
সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।