সখীপুর ও বাজিতপুরে দুজন খুন, ভালুকায় লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার এক ব্যক্তি খুন হয়েছেন। একই দিন ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গত সোমবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সখীপুরে নিহত ব্যক্তির নাম ফজল মিয়া (৫৫)। তাঁর বাড়ি বাঘবেড় গ্রামে। ভালুকায় উদ্ধার করা লাশটি হারুন অর রশিদ (৪২) নামের এক ব্যক্তির। তাঁর বাড়ি সখীপুরের নিশ্চিন্তপুর গ্রামে। বাজিতপুরে হত্যার শিকার গৃহবধূ চাঁদনী আক্তারের (২০) বাড়ি নোয়াপাড়া গ্রামে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সখীপুর (টাঙ্গাইল): গতকাল দুপুরে উপজেলার বাঘবেড় গ্রামে রাস্তার পাশে একটি জমিতে একই গ্রামের আবদুর রহিম , ইয়ার মামুদ ও ঠান্ডু মিয়া মাটি ফেলা শুরু করলে ফজল মিয়া বাধা দেন। এ সময় আবদুর রহিম গলা চেপে ধরলে ফজল মিয়া অজ্ঞান হয়ে পড়েন। প্রতিবেশীরা ফজলকে বেলা দুইটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ফজলের ছোট ভাই শামসুল হক বলেন, ‘ওরা আমার ভাইকে গলা টিপে হত্যা করেছে।’ সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ: হারুন অর রশিদ ভালুকার আঙ্গারগাড়া গ্রামের ছামনা খাতুনকে (৩৪) বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন। গতকাল সকালে শ্বশুরবাড়ির পাশের একটি গাছে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেন। দুপুরে ভালুকা মডেল থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ হারুনের স্ত্রী ছামনা খাতুন ও ছেলে সামাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।
কিশোরগঞ্জ: পুলিশ ও পরিবার সূত্র জানায়, কিছুদিন আগে চাঁদনীর কাছে তাঁর স্বামী নাদিম মিয়া দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারায় গত রোববার চাঁদনীকে নির্যাতন করেন নাদিম। সোমবার চাঁদনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাঁর মা-বাবাকে জানান নাদিম। বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ভৈরবের কালিকাপ্রাসদ এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। পথচারীরা অচেতন অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে ওই দিনই চাঁদনী মারা যান।