সখীপুরে ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, আটক ৩
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান শামসুল হক পান্নাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কাঁকড়াজান ইউনিয়নের ইন্দারজানী বাজারে ওই চেয়ারম্যানের বাড়ির কাছেই এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও তাদের কাছ থেকে রাম দা উদ্ধার করে।
পুলিশ রাতেই তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আটক ব্যক্তিরা হলেন শরিফ আহমেদ (২০), আকাশ (১৬) ও সুমন তালুকদার (১৮)। শরিফ উপজেলার দেবলচালা, আকাশ সুরিরচালা ও সুমন তালুকদারের বাড়ি পৌরসভার সানবান্ধা গ্রামে। এ ঘটনায় শামসুল হক পান্না মামলার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানসহ তিনি চারবার এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নম্বরবিহীন একটি মোটরসাইকেল নিয়ে তিনজন ইন্দারজানী বাজারের পূর্ব পাশে একটি কাঁঠালগাছের নিচে ওত পেতে ছিলেন। রাত সোয়া ১০টার দিকে চেয়ারম্যান বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি রওনা হলে মোটরসাইকেলে অবস্থানে থাকা ওই তিনজন চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। চেয়ারম্যান বিষয়টি টের পেয়ে দৌড় দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। পরে চেয়ারম্যানের চিৎকার শুনে আশপাশের দোকান থেকে লোকজন ছুটে আসে। ওই সময় মোটরসাইকেল আরোহী ওই তিনজন দ্রুত পালিয়ে যান। খবর ছড়িয়ে পড়লে মোটরসাইকেলসহ সখীপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী রামদেবপুর এলাকায় সড়কে গাছ ফেলে তিনজনকে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘাটাইলের রামদেবপুর ফাঁড়ির পুলিশ ও সখীপুর থানার পুলিশ ওই তিনজনকে গতকাল শনিবার ভোর সাড়ে চারটার দিকে সখীপুর থানায় নিয়ে আসে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ঘটনার তদন্ত ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত।
শামসুল হক পান্না জানান, ‘কী কারণে এ ঘটনা ঘটতে পারে—এ বিষয়ে আপাতত আমি কিছুই বলতে পারছি না।’