সখীপুরে এক বছরে চুরি হয়েছে অর্ধশত মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গত এক বছরে কমপক্ষে অর্ধশত মোটরসাইকেল চুরি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কামালিয়াচালা গ্রাম থেকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে পুলিশ নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।
সুমনের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সিংড়া গ্রামে। তাঁর বাবার নাম শামছুল হক। সুমন বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ১০ বছর ধরে সখীপুর উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি-ছিনতাইয়ের চক্র গড়ে তোলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
সখীপুর থানা সূত্র জানায়, সর্বশেষ মঙ্গলবার সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক মনির হোসেনের মোটরসাইকেলটি দিনের বেলা বাসার সামনে থেকে চুরি হয়। মনির হোসেন জানান, ওই দিনই সখীপুর থানায় চুরির বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, সুমন নিজেকে এ চক্রের মূল হোতা বলে স্বীকার করেছেন। সুমন সখীপুরে আসার পর থেকেই মোটরসাইকেল চুরি শুরু করেন। পরে স্থানীয় আরও কয়েকজন যুবক তাঁর সঙ্গে যোগ দেন। পর্যায়ক্রমে তাঁর নেতৃত্বে গড়ে ওঠে মোটরসাইকেল চোর চক্র। চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরি করে উত্তরাঞ্চলে পাচার করেন বলে পুলিশকে জানিয়েছেন সুমন। তোফাজ্জল হোসেন আরও জানান, গত এক বছরে উপজেলায় প্রায় ৫০টি মোটরসাইকেল চুরি হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমনকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তিনি ছিনতাইকারী চক্রের মূল হোতা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের ধরার অভিযান চলছে।