সখীপুরে এক বাড়ি থেকে পাঁচটি মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকায় সাবেক এক সেনাসদস্যের বাড়ি থেকে গত বুধবার রাতে পাঁচটি মোটরসাইকেল চুরি হয়েছে। বাড়ির পেছনের ফটকের তালা ভেঙে এ চুরি হয়।
এ ঘটনায় ওই বাড়ির মালিক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, পেছনের গেট ভেঙে চোরেরা ঢুকে গ্যারেজের তালা কেটে মোটরসাইকেলগুলো নিয়ে গেছে।
যাঁদের মোটরসাইকেল চুরি হয়েছে তাঁরা হলেন সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল হক, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সখীপুর প্রতিনিধি ফিরোজ আহমেদ, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা অনুপ কুমার মণ্ডল, ওষুধ ব্যবসায়ী ওমর ফারুক ও বাসার মালিকের ভাগনে জাহাঙ্গীর আলম।
থানার পুলিশ সূত্রে জানা যায়, পাঁচতলা ওই বাড়িটিতে ১৮টি পরিবার ভাড়া থাকে। বুধবার রাতে বাসার গ্যারেজে ভাড়াটেদের ১৭টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল ছিল। তা থেকে বাছাই করে চোরেরা দামি পাঁচটি মোটরসাইকেল নিয়ে যায়।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, চোরদের ধরতে অভিযান চলছে।