সখীপুরে কিশোর শ্রমিক ও নালিতাবাড়ীতে গারো তরুণের লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকায় মুরগির খামার থেকে গত বৃহস্পতিবার এক কিশোর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে গারো ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর অজ্ঞাতনামা তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
সখীপুরে নিহত কিশোরের নাম রাইসুল ইসলাম (১৬)। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের চান মিয়ার ছেলে।
খামারটির মালিক নুরুল ইসলাম বলেন, প্রায় দেড় মাস আগে রাইসুল ইসলাম তাঁর খামারে চাকরি নেয়। প্রতিদিন সে সকালে ঘুম থেকে উঠে মুরগির খাবার দিয়ে থাকে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় দরজার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
রাইসুলের বাবা চান মিয়া বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি। বুধবার রাতেও সে মোবাইলে আমার সঙ্গে কথা বলেছে। আমাকে বেড়াতে আসার অনুরোধও করেছে। আমি ঠিকই এলাম। কিন্তু আমার বাবারে পেলাম না।’ তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, লাশটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত করে প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটা হত্যা, না আত্মহত্যা।
নালিতাবাড়ী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর ঘাটে একটি লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। বেশ কয়েক দিন ধরে পানিতে ভেসে থাকায় লাশটির বিভিন্ন অংশ পচে গেছে। লাশটি ভারতের সীমান্ত থেকে নদী দিয়ে ভেসে এসে থাকতে পারে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুজ্জামান বলেন, আগামীকাল (আজ) শনিবার লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।