সখীপুরে গৃহবধূ খুন, ঈশ্বরগঞ্জে লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে সাজেদা আক্তার (২৪) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রাম থেকে গতকাল বেদেনা আক্তার নামের অপর এক গৃহবধূর (২৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সখীপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় পাঁচ-ছয় বছর আগে সখীপুর উপজেলার উত্তর ঘাটেশ্বরী গ্রামের নীলা মিয়ার ছেলে চান মিয়ার সঙ্গে দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের আবুল কাশেমের মেয়ে সাজেদার বিয়ে হয়। বিয়ের তিন মাস পর চান মিয়া সৌদি আরব চলে যান। দুই মাস আগে চান মিয়া ছুটি নিয়ে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ বেড়ে যায়। এক সপ্তাহ আগে চান মিয়া তাঁর স্ত্রীকে মারধর করেন। এ নিয়ে গত মঙ্গলবার গ্রামে সালিস বৈঠকে বিষয়টির আপস মীমাংসা হয়। গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের এক নারী ওই বাড়িতে গিয়ে সাজেদার লাশ ঘরের বারান্দায় পড়ে আছে দেখে সাজেদার মা-বাবাকে খবর দেন। পরে সাজেদার বাবা পুলিশকে খবর দেন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান বলেন, ‘আমরা বারান্দা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। ওই বাড়িতে ওই গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়িসহ কাউকে পাওয়া যায়নি।’ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সবুর গত মঙ্গলবার তাঁদের মধ্যকার দাম্পত্য কলহের বিষয়টি মীমাংসা করে দিয়েছেন বলে স্বীকার করেন।
সাজেদার বাবা আবুল কাশেম অভিযোগ করেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিদেশ থেকে এসেই চান মিয়া আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করেছে। তার ছুটির মেয়াদ শেষ হয়েছে। আজ শনিবার তার সৌদি আরব যাওয়ার কথা।’ আবুল কাশেম দাবি করেন, তাঁর মেয়ের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার ময়নাতদন্তের পর লাশ দাফন শেষে সখীপুর থানায় হত্যা মামলা করা হবে। এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল বলেন, ময়নাতদন্ত ছাড়া এটি হত্যা না আত্মহত্যা, তা বলা যাচ্ছে না। এই ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুলিশ গতকাল সকালে উপজেলার মহেশপুর নামাপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে তুলন্দর গ্রামের মুসলেম উদ্দিনের স্ত্রী বেদেনা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে এক কিশোর ঘাস কাটতে গিয়ে ফসলি জমিতে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ।