টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি যাঁদের তালিকাভুক্ত করেছে, তাঁদের বেশির ভাগই অমুক্তিযোদ্ধা বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সখীপুর পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডাররা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) লিখিত অভিযোগ করেছেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হকও একই ধরনের অভিযোগ তুলেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সখীপুর উপজেলা যাচাই-বাছাই কমিটি জেলা সংসদের সঙ্গে যোগাযোগ না করে ও জেলা প্রতিনিধিকে যাচাই বোর্ডে না রেখেই গোপনে তালিকা করে জামুকায় পাঠিয়েছে। আমরাও লিখিতভাবে জামুকায় এ বিষয়ে প্রতিবাদ করব।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১৬ সালের শুরুর দিকে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়। উপজেলার ৫৭৮ জন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে আবেদন করেন। তবে ৪ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই কমিটিতে সাক্ষাৎকার দিতে ৫১০ জন উপস্থিত হন। যাচাই-বাছাই শেষে ১০৪ জনের নাম মুক্তিযোদ্ধা হিসেবে চূড়ান্ত করতে একটি খসড়া তালিকা গত ২৭ মে জামুকায় পাঠানো হয়।
তবে তালিকা নিয়ে প্রশ্ন থাকায় সাত সদস্যের যাচাই-বাছাই কমিটির দুজন সই করেননি। তাঁরা হলেন কমিটির মন্ত্রণালয় প্রতিনিধি লোকমান হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি মো. শাহজাহান আলী খান। এ দুজন প্রথম আলোকে বলেন, কমিটির সদস্য হলেও ওই খসড়া তালিকায় তাঁদের কোনো ভূমিকা ছিল না। তাঁদের বাদ দিয়ে বাকি সদস্যরা ইচ্ছামতো তালিকা করেছেন। ফলে তাঁরা তালিকায় সই করেননি।
তালিকায় অমুক্তিযোদ্ধাদের ঢুকে পড়ার বিষয়ে জামুকায় অভিযোগ করেছেন সখীপুর পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম এ মোত্তালিবের পাশাপাশি গজারিয়া, কালিয়া, বহেরাতৈল, যাদবপুর ও কাকড়াজান ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডাররা।
অভিযোগে বলা হয়েছে, খসড়া তালিকায় স্থান পাওয়া অনেকে অনলাইনে আবেদনই করেননি। অনেকে আবার সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হননি। মোটা অঙ্কের টাকা নিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় তাঁদের নাম ওঠানো হয়েছে। খসড়া তালিকায় তাঁদের সংখ্যাই বেশি। তবে এভাবে ঠিক কতজন ও কীভাবে তালিকাভুক্ত হয়েছেন, তা ওই অভিযোগে সুনির্দিষ্ট করা হয়নি।
লিখিত অভিযোগে ১ নম্বরে সই করা সখীপুর পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম এ মোত্তালিবও বিষয়টি পরিষ্কার করতে পারেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘যাচাই-বাছাই বোর্ডের সদস্যরা নিয়ম ভেঙে ও টাকাপয়সা খেয়ে অমুক্তিযোদ্ধাদের নাম তালিকায় তুলেছেন। ফলে আমরা ওই তালিকা বাতিল চেয়ে জামুকায় লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওসমান গণি ও ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে যাচাই-বাছাই কমিটির সভাপতি সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন, নিয়ম মেনেই ওই ১০৪ জনের খসড়া তালিকা করা হয়েছে। তিনি বলেন, খসড়া তালিকায় নাম থাকা কাউকে নিয়ে সন্দেহ থাকলে বা কেউ তালিকা থেকে বাদ পড়লে জামুকায় আপিল করার সুযোগ রয়েছে।
যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও তৎকালীন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম বলেন, সখীপুর এলাকার কে কে প্রকৃত মুক্তিযোদ্ধা, তা আমার চেনার কথা নয়। আমি ইউএনও হিসেবে ওই কমিটিতে শুধু সাচিবিক দায়িত্ব পালন করেছি।’