সখীপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর অবশেষে স্বর্ণা আক্তার (১৩) নামের যষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে বাসাইল উপজেলার গিলাবাড়ী গ্রামের বংশাই নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে গত শুক্রবার উপজেলার দাড়িয়াপুর গ্রামবাসী তুষার আহমেদ (১৬) নামে মেয়েটির কথিত প্রেমিককে পুলিশে দেয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত শুক্রবার ভোরে দাড়িয়াপুর এসএ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুষারের সঙ্গে দেখা করতে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্বর্ণা বিদ্যালয়সংলগ্ন বংশাই নদীর পাড়ে যায়। পরে মেয়েটি নদীতে ঝাঁপ দিয়েছে বলে ছেলেটি স্বর্ণার বাবাকে জানায়। গ্রামবাসী ঘটনা জানতে পেরে সকাল আটটার দিকে তুষারকে আটক করে পুলিশে দেয়।
থানায় থাকা অবস্থায় গত শনিবার তুষার বলে, ‘আমরা ভোরে নদী পাড়ে দেখা করতে গেলে কয়েকজন দেখে ফেলে। তখন স্বর্ণা লজ্জায় পড়ে যায়। সে নদীতে ঝাঁপ দেবে বলে। পরে আমি লোকজন আছে কি না দেখার জন্য একটু সামনে এগিয়ে আসি। পরে ফিরে গিয়ে ওকে আর পাইনি।’
সখীপুর থানার ওসি বজলুল রশীদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।