সখীপুরে বনের জমিতে উচ্ছেদে বাধা, গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত ৮
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বনের জমি থেকে উচ্ছেদ করতে গিয়ে ইছাদিঘী আতিয়াপাড়া গ্রামবাসী ও বন বিভাগের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘটা এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানকালে গ্রামবাসী বন বিভাগের কালিদাস বিটের কর্মকর্তা ও তিন বন প্রহরীকে পিটুনি দিয়ে আটক করে রাখে। এর দুই ঘণ্টা পর সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।
থানা-পুলিশ ও বন বিভাগ সূত্র জানায়, কালিদাস বিটের আওতায় বনের জমিতে ইছাদিঘী আতিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হক বসতবাড়ির পাশে পোলট্রি খামার করার জন্য ২৫ হাত লম্বা দুটি টিনের ঘর তোলেন। গতকাল ভোর ছয়টার দিকে কালিদাস বিটের কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে তিনজন বন প্রহরী ও ঘর ভাঙার জন্য ছয়জন শ্রমিক ঘর দুটি উচ্ছেদে অভিযান চালান। মোজাম্মেল ও তাঁর বড় ভাই মোতাহের এতে বাধা দেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে মোজাম্মেলের পরিবারের লোকজনের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন। মোজাম্মেলের পরিবারের আহত ব্যক্তিদের চিৎকারে গ্রামের লোকজন এসে বিট কর্মকর্তা ও তিন বন প্রহরীকে আটক করে পিটুনি দেয়। সকাল সাড়ে নয়টার দিকে সখীপুর থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
আহত ব্যক্তিরা হলেন মোজাম্মেল হক (৩২), তাঁর চাচা দুলাল হোসেন (৩৫), মা মমতা বেগম (৬০), বড় বোন সাজেদা (৩৫), ছোট বোন খালেদা (২২), ভাতিজি মুক্তা (১২), প্রতিবেশী বিল্লাল হোসেন (৩৫) ও বন প্রহরী তোফাজ্জল হোসেন (৫০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, ‘ভোররাতে কালিদাস বিট অফিসের লোকজন অতর্কিত হামলা করে ঘর ভাঙতে শুরু করে। বাধা দিলে আমাদের ওপর হামলা করে।’ তিনি বলেন, তাঁরা বংশপরম্পরায় ৫০ বছর ধরে এ জমি ভোগদখল করে আসছেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘বনের জমিতে খামার করা সম্পূর্ণ অন্যায়। গোপনে ঘর নির্মাণ করায় আমরা উচ্ছেদে গেলে ওরা আমাদের কাজে বাধা দেয় ও আটক করে মারধর করে। আমাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। সঙ্গে থাকা টাকাপয়সাও ছিনিয়ে নেয়।’