সখীপুরে বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ!
টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গজারিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা (৪২) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
কাল রোববার গজারিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে এই নির্বাচন বর্জনেরও ঘোষণা দেন। বিএনপির অভিযোগ, প্রার্থী হওয়ার পর থেকেই গোলাম মোস্তফার কাছে অজানা ফোন নম্বর থেকে নানা ধরনের হুমকি আসছিল।
সখীপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ ১০-১২ জন বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শাহজাহান সাজু বলেন, বিএনপির প্রার্থী নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই বেনামে মুঠোফোনে তাঁকে হুমকি দিয়ে আসছিল। তবে কে বা কারা হুমকি দিয়েছিল এ বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। চার দিন ধরে নিখোঁজ হওয়ার পরও কেন থানায় অভিযোগ করেননি জানতে চাইলে বিএনপি নেতারা বলেন, শনিবার রাতে পুলিশকে জানানো হবে।
এ বিষয়ে জানতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার স্ত্রী তাসলিমার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। গোলাম মোস্তফার বড়ভাই তোফায়েল আহমেদ বলেন, তাঁর ভাই নিখোঁজ হওয়ার বিষয়ে কেউ তাঁকে জানায়নি।
গজারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান বলেন, বিএনপি প্রার্থী নিখোঁজ হওয়ার নাটক করছেন। বিদেশে পাঠানোর কথা বলে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। পাওনাদারের চাপে তিনি পালিয়েছেন। এ ছাড়া মাঠে তাঁর কোনো ভোটও নেই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, নিখোঁজ হওয়ার ব্যাপারে বিএনপি অথবা প্রার্থীর পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। দুটি ইউনিয়নের নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন থাকবে।