সখীপুরে বিদ্যুতের কার্যালয়ে হামলা, প্রকৌশলীসহ আহত ৩
বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে গতকাল বৃহস্পতিবার পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। এতে পিডিবির এক প্রকৌশলী, এক ইউপি চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন।
গতকাল দুপুরে উপজেলা দাড়িয়াপুর, যাদবপুর, বেড়বাড়ি ও চাকদহ গ্রামের শতাধিক গ্রাহক একত্র হয়ে সাত কিলোমিটার দূর থেকে গাড়িতে সখীপুর শহরে এসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় কার্যালয়ে হামলা চালান। হামলায় ওই কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আল আমিন (৪৫), দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল শামীম (৪০) ও স্থানীয় বাসিন্দা আবু হাসান (২০) আহত হয়েছেন। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বিদ্যুৎ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
বিক্ষুব্ধ গ্রাহকেরা জানান, উপজেলার দাড়িয়াপুর, যাদবপুর, বেড়বাড়ি ও চাকদহ গ্রামে কয়েক মাস ধরে ২৪ ঘণ্টায় মাত্র ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে। অথচ বিদ্যুৎ বিল আসে দ্বিগুণ অথবা কারও কারও তিন গুণ। সাত দিন ধরে ওই চার গ্রামে বিদ্যুৎ না থাকায় গ্রাহকরা আরও বিক্ষুব্ধ হয়ে এ হামলা চালান বলে দাড়িয়াপুর গ্রামের আবদুর রহিম নামের এক গ্রাহক অভিযোগ করেন।
পিডিবির সখীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. শাহাদত আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভাঙচুরের সময় আমি টাঙ্গাইলে জরুরি সভায় ছিলাম। ভাঙচুরের খবর পেয়ে সখীপুর ছুটে এসেছি। কার্যালয়ের সব জানালার কাঁচসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এতে অনেক ক্ষতি হয়েছে। আমার এক সহকর্মীকেও তারা মারধর করেছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, ভাঙচুরের খবর পেয়ে ওই কার্যালয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পুলিশ মোতায়েন রয়েছে।