সখীপুরে বিদ্যুৎ না পেয়ে আমবাগানে হামলা
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের আমবাগানে হামলা চালিয়ে ৮০টি আমের চারা নষ্ট করেছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ হামলার সময় উপকেন্দ্রের অভিযোগকেন্দ্রে কর্মরত কর্মচারীরা ভয়ে গা ঢাকা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ওই অভিযোগকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সাইফুদ্দিন মণ্ডল জানান, কয়েক বছর ধরে প্রতিমা বংকী, শোলা প্রতিমা, কালীদাস ও লাঙ্গুলিয়া গ্রামে পিডিবির কয়েক শ গ্রাহককে পল্লী বিদ্যুতের ওই উপকেন্দ্র থেকে ধার করে নিয়ে বিদ্যুৎ সরবরাহ করছে পিডিবি। কিন্তু পল্লী বিদ্যুতের লাইন সংস্কারের কারণে গত এক মাস ধরে ওই চার গ্রামের গ্রাহকেরা দিনের বেলা বিদ্যুৎ পাচ্ছে না। এদিকে রাতের বেলায় লোডশেডিং থাকায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিক্ষুব্ধ গ্রাহকেরা পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের সামনের আমবাগানে হামলা চালান। তারা বাগানে চার মাস আগে রোপণ করা ৮০টি চারা উপড়ে ও ভেঙে ফেলে। এ ছাড়া ওই সময় বিক্ষুব্ধ গ্রাহকেরা উপকেন্দ্রের মূল ফটকটি ভেঙে ফেলে।
পল্লী বিদ্যুতের বাসাইল জোনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, ‘৩৩ হাজার কেভি লাইনে কাজ চলছে। এ জন্য সাময়িকভাবে দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি গ্রাহকদের জানানো হলেও তারা নিরপরাধ গাছের ওপর হামলা করে। আমাদের ওপর হামলা করলেও কষ্ট পেতাম না। কিন্তু শখের উন্নত জাতের আমগাছের ওপর হামলা করায় আমরা সবাই সকালে বাগানে বসে কান্না করেছি।’ গতকাল শুক্রবার বিকেলে তিনি জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।
পিডিবির সখীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলী বলেন, ‘কিছুদিন পর আমাদের নতুন সাবস্টেশনের কাজ শেষ হলে ওই গ্রাহকদের পল্লী বিদ্যুতের কাছ থেকে এনে পিডিবির সংযোগ দেওয়া হবে।’