সখীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে হামলা

টাঙ্গাইলের সখীপুরে সন্ত্রাসীরা আবদুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ খুনের প্রতিবাদে স্থানীয় লোকজন অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে হামলা এবং ভাঙচুর করেছে। তারা সখীপুর-টাঙ্গাইল সড়কও অবরোধ করে।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সখীপুর পৌরসভার ফাহিম সুপার মার্কেটের দোতলায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঈদের কাপড় কিনতে আবদুর রাজ্জাক ফাহিম সুপার মার্কেটের দোতলায় নাঈম ফ্যাশনে যান। এ সময় দোকানদার নাসিরের সঙ্গে দাম নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর নাসিরের ফুফাতো ভাই রুবেল ও তাঁর লোকেরা ওই মার্কেটেই রাজ্জাককে চাপাতি দিয়ে কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজ্জাক পথেই মারা যান।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে চারটার দিকে নিহত আবদুর রাজ্জাকের স্বজন, মাইক্রোবাস শ্রমিক সংগঠনের লোকেরা ফাহিম সুপার মার্কেটে হামলা করে। তাদের একটি দল এ ঘটনায় অন্যতম অভিযুক্ত রুবেলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ লোকজন সখীপুর-ঢাকা সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ এসে বাধা দিলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় রুবেলকে প্রধান আসামি করে সখীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় নাসির নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।