সখীপুরে মন্দিরে আগুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালিয়ান গ্রামের একটি কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসের বেগ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই মন্দির ও পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার সরকার অভিযোগ করেন, মন্দিরের উন্নয়নের জন্য স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ১২ বছর ধরে কালিয়ান বিলে মাছ চাষ করে আসছেন। বছর খানেক আগে গ্রামের আবদুল মালেক, চুন্নু মিয়া এবং ফজলুল হক নামের তিনজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ আরও কয়েকজন মিলে বিলটি দখলে নেন। এ নিয়ে এক সপ্তাহ আগে উভয় পক্ষ সখীপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। এরপর মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মাছ চাষ নিয়ে বিরোধের জের ধরেই মন্দিরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন রতন কুমার। ফজলুল হক বলেন, ‘গ্রামের হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’
ওসি বজলুর রশীদ বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। শুক্রবার (আগামীকাল) দুই পক্ষকে নিয়ে বসে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হবে।