সখীপুরে মুক্তিযোদ্ধা খুন, তিনজন গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে আমজাদ আলী (৭০) নামের এক মুক্তিযোদ্ধা খুন হয়েছেন। হামলায় গুরুতর আহত ওই মুক্তিযোদ্ধাকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার কালমেঘা গ্রামের মুচারিয়া পাথার পাড়ায়।
এ ঘটনায় আমজাদ আলীর ছেলে লাবলু মিয়া সাতজনকে আসামি করে গতকাল সখীপুর থানায় মামলা করেন। পুলিশ গতকাল বিকেলেই সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কালমেঘা গ্রামের মুচারিয়া পাথার পাড়ার আমজাদ আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশী আমির হোসেনের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। একটি আকাশমণিগাছ কাটাকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে পাঁচ বৃদ্ধ আহত হন। রাতে গুরুতর আহত মুক্তিযোদ্ধা আমজাদ আলীকে প্রথমে সখীপুর, পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চন্দ্রা এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আনছার আলী জানান, এ ঘটনায় মামলার আসামি সামেশ উদ্দিন (৬৮), আমির উদ্দিন (৬৫) ও নাজিম উদ্দিন (৬২) নামের তিন সহোদরকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।