টাঙ্গাইলের সখীপুরে মুরগির খামারে শিয়াল মারার জন্য বিদ্যুতের খোলা তার দিয়ে তৈরি করা মৃত্যুফাঁদে পড়ে গত ছয় বছরে সাতজনের মৃত্যু ঘটেছে। সর্বশেষ গত রোববার এই ফাঁদে পড়ে উপজেলার কচুয়া গ্রামের নাঈম হাসান (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মুরগির খামারের মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিদ্যুতের খোলা তার দিয়ে এ ধরনের মৃত্যুফাঁদ তৈরি করায় ওই সব খামারির বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
স্থানীয় এবং প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় অন্তত আড়াই হাজার ছোট-বড় মুরগির খামার রয়েছে। এসব খামারে শিয়ালের উৎপাত থেকে মুরগি রক্ষা করার জন্য কতিপয় খামারি খামারের চারপাশে বিদ্যুতের খোলা তার দিয়ে বেষ্টনী করে সেখানে রাতের বেলায় বিদ্যুৎ সংযোগ দেন। আবার দিনের বেলায় সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। অনেক সময় সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা ভুলে গেলে সে ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। খামার কর্তৃপক্ষের এমন অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ছয় বছরে শুধু প্রতিমা বংকী গ্রামের তিনটি খামারে চারজন, কচুয়া গ্রামে দুজন ও আড়াইপাড়া গ্রামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঁদের মধ্যে প্রতিমা বংকী গ্রামে নিজের খামারেই আজম খান ও তাঁর মেয়ে লতা আক্তার এবং ওই গ্রামের আরেকটি খামারের কর্মচারী সাদেক আলী (৪০) মারা যান। সর্বশেষ রোববার কচুয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র নাঈম খামারের পাশের খেতে মাছ ধরতে গেলে ওই মৃত্যুফাঁদে আটকে মারা যায়।
সখীপুর উপজেলা মুরগির খামার মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, খামারে শিয়ালের উৎপাত থেকে মুরগি বাঁচাতে বিদ্যুৎ দিয়ে মৃত্যুফাঁদ বানানো অন্যায়। খামারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী মজবুত করলে শিয়াল ঢুকতে পারবে না। এর আগে এ ব্যাপারে খামারিদের সতর্ক করে দেওয়া হলেও গোপনে অনেক খামারি তাঁদের খামারে অবৈধভাবে এমন মৃত্যুফাঁদ তৈরি করে রাখছেন।
সখীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, কোনো খামারি বিদ্যুৎ দিয়ে এ ধরনের মৃত্যুফাঁদ তৈরি করলে ওই খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ ওই গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ মারা যাওয়া নাঈমের বাবা শহীদুল ইসলাম বলেন, ‘আমরা কেউই জানতাম না যে ওই খামারের চারদিকে বিদ্যুৎ সংযোগ রয়েছে। আমার ছেলেকে একরকম খুন করা হয়েছে। আমি এর বিচার চাই।’
সখীপুর আবাসিক মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান শহীদুল্লাহ কায়সার বলেন, ‘মুরগির খামারে এ ধরনের ভয়ংকর মৃত্যুফাঁদ বানানো রীতিমতো অন্যায়। যেকোনো প্রাণী মারা অপরাধ। মৃত্যুফাঁদ থাকা ওই সব খামারের মালিকদের বিচারের আওতায় আনা উচিত।’
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুল রশীদ বলেন, ‘এ ধরনের ফাঁদ পাতা গুরুতর অপরাধ, কেউ মামলা করলে অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ উপজেলার কচুয়া গ্রামে স্কুলছাত্রের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে, এ নিয়ে কেউ মামলা করতে আসেনি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে শুনেছি।’