সখীপুরে শাশুড়িকে হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে শাশুড়িকে হত্যার অভিযোগে মজনু তালুকদার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গতকাল রোববার সকালে মজনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, আসামি মজনু পুলিশের নজরদারি থেকে পালাতে না পেরে বাবার কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাঁর বাবা তাঁকে গত শনিবার পুলিশে সোপর্দ করেন।
সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজনুর বাবা বাছেদ তালুকদার বলেন, ‘আমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে। তাকে কয়েক দফা চিকিৎসাও করানো হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, মজনু সাত বছর আগে উপজেলার মাচিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে তানিয়া আক্তারকে বিয়ে করেন। বৃহস্পতিবার সকালে তিনি শ্বশুরবাড়ি যান। একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মজনু লাঠি দিয়ে শাশুড়ি সখিনা বেগমের মাথায় আঘাত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।