সখীপুরে শিল্পপার্কের ১৯ একর খাসজমি দখল
টাঙ্গাইলের সখীপুরে প্রস্তাবিত শিল্পপার্কের ১৯ একর খাসজমি দখল করে সবজি ও কলাবাগান করা হয়েছে। হাতিয়া কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন, তাঁর চাচাতো ভাই আফাজ উদ্দিনসহ ছয়জন ওই জমি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চার বছর ধরে উপজেলা ভূমি কার্যালয় ওই দখলদারদের সরে যেতে বারবার নোটিশ দিলেও কোনো কাজ হচ্ছে না। এ দিকে দখলদারদের দাবি, ওই জমি ৫০ বছর ধরে বংশপরম্পরায় তাঁরা ভোগদখল করে আসছেন। বেঁচে থাকতে ওই জমি তাঁরা ছাড়বেন না।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, যাদবপুর ইউনিয়নের কালিদাস মৌজার দড়ির চালা এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২২১১, ২২১৮ ও ২২১৯ নম্বর দাগে ১৮ দশমিক ৯৬ একর জমি আছে। বছর পাঁচেক আগে স্থানীয় ভূমি কার্যালয় ওই জমিতে শিল্পপার্কের জন্য নির্ধারিত ও জনসাধারণের প্রবেশ নিষেধ লিখে চারটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
এলাকাবাসী আরও জানান, পাঁচ বছর আগে জমিটি দখলে নেয় উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন, আফাজ উদ্দিনসহ তাঁদের বংশের লোকজন। বেলায়েত হোসেন তাঁর দখলীয় জমি স্থানীয় কলাচাষি মিন্টু রবিদাসের কাছে ১০ বছরের জন্য ইজারা দেন। অন্যদিকে আফাজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন তাঁদের দখল করা জমিতে সবজি চাষ ও কলাবাগান করেছেন।
বেলায়েত হোসেন দাবি করে বলেন, ‘আমাদের বাপ-দাদার দখলীয় জমি এটি। বর্তমানে আমরা ছয়টি পরিবার জমি ভোগদখল করছি। সারা জীবন ওই জমির খাজনা দিয়ে এসেছি। তবে তিন বছর ধরে স্থানীয় ভূমি অফিস খাজনা নিচ্ছে না।’
অপর দখলদার আইনজীবী আফাজ উদ্দিন বলেন, ‘ওই জমি আমাদের। সরকার যাতে বাধা না দেয় সে জন্য দেওয়ানি আদালতে স্থানীয় ভূমি কার্যালয়কে বিবাদী করে মামলা চলমান রয়েছে।’
ওই জমির পাশে বসবাসকারী জহিরুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর আগেও জমিটি ছিল শাল-গজারিগাছে ঘেরা। কয়েক বছর ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই জমি দখলে নিয়ে কলাবাগান করেছেন।’
ইজারাদার মিন্টু রবিদাস বলেন, ‘ইজারা নেওয়ার ছয় মাস পর জানতে পারি ওই জমি সরকারের। ইতিমধ্যে ওই কলাবাগানে আমার ২৫ লাখ টাকা খরচ হয়েছে। আমার ক্ষতি কে পূরণ করবে।’
যাদবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু তালেব জানান, শিল্পপার্ক স্থাপনের জন্য প্রস্তাবিত ওই জমি খালি করে দেওয়ার জন্য স্থানীয় ভূমি কার্যালয় থেকে দখলদারদের বারবার বলা হয়েছে।
সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলী ৫ নভেম্বর ওই জমিটি পরিদর্শন করে বলেন, তিনটি দাগে ১৮ দশমিক ৯৬ একর জমি সরকারের খাস খতিয়ানভুক্ত। যাঁরা ওই জমি দাবি করেন, তাঁদের হাতে বৈধ কোনো কাগজপত্র নেই। বাজেট পেলে কিছুদিনের মধ্যেই সীমানা চিহ্নিত করে খুঁটি স্থাপন করা হবে।