সখীপুরে শিশুর মাথা উদ্ধার, তিতাসে প্রবাসীকে হত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামে নাতি তাঁর সৎদাদিকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গত বুধবার কুমিল্লার তিতাস উপজেলায় এক প্রবাসী খুন এবং গতকাল শুক্রবার টাঙ্গাইলের সখীপুর থেকে এক শিশুর মাথা উদ্ধার করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামে খুন হওয়া দাদির নাম খোদেজা বেগম (৬০)। কুমিল্লার তিতাস উপজেলায় নিহত হয়েছেন একই উপজেলার কালীপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে সৌদিপ্রবাসী রুবেল মিয়া (২৫)। টাঙ্গাইলের সখীপুরে উদ্ধার হওয়া মাথা কচুয়া গ্রামের রতন শিকদারের মেয়ে জান্নাত আক্তারের। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সখীপুর (টাঙ্গাইল): সখীপুর উপজেলার কচুয়া গ্রামের রতন শিকদারের দেড় বছর বয়সী মেয়ে জান্নাত আক্তার বৃহস্পতিবার বেলা ১১টার পর নিখোঁজ হয়। ২০ ঘণ্টা পর গতকাল সকাল সাতটার দিকে বাড়ির পাশের ধানখেতে পরিবারের লোকজন জান্নাতের মাথা খুঁজে পান। কিছুক্ষণ পর আরেকটু দূরে নাড়িভুঁড়ির কিছু অংশও পাওয়া যায়। সখীপুর থানার পুলিশ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে মাথাটি উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর): খোদেজা বেগমের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সৎনাতি দুলাল মিয়ার বিরোধ চলছিল। ২১ অক্টোবর কিছু জমি বিক্রি করে খোদেজা বেগম। এতে দুলাল ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রী ফাতেমা বেগম, ফুফাতো ভাই শাহদাৎ হোসেনসহ আট-নয়জনকে সঙ্গে নিয়ে খোদেজা বেগম, তাঁর ছেলে আল আমিন ও মেয়ে মনি আক্তারের ওপর হামলা চালান। একপর্যায়ে দুলাল তাঁর দাদিকে লাঠি দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় দুলালের স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
দাউদকান্দি (কুমিল্লা): তিতাস উপজেলার কালীপুর গ্রামের রুবেল মিয়াকে পাশের রঘুনাথপুর গ্রামের মোহন মিয়া বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সকাল নয়টায় তিনি মারা যান। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।