সখীপুরে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধর
টাঙ্গাইলের সখীপুরে শ্রেণিকক্ষে ঢুকে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়েছে এক কলেজছাত্র। গতকাল বুধবার সকালে উপজেলার কাহারতা উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
ওই সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সখীপুর থানায় খবর দিলে পুলিশ কলেজছাত্র মাসুদ রানাকে থানায় নিয়ে আসে। মাসুদ ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জামাল হোসেনের ছেলে।
কাহারতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল জানান, সকালে নবম শ্রেণির কৃষি শিক্ষা ক্লাস নেওয়ার সময় মাসুদ ও তার সঙ্গীরা অতর্কিতে ক্লাসে ঢুকে মিজানুর রহমানকে কিল-ঘুষি মেরে চলে যায়।
মিজানুর রহমান বলে, ‘কী কারণে আমাকে সহপাঠী ও শিক্ষকের সামনে মেরেছে, তা আমার জানা নেই।’
মাসুদ রানা বলে, ‘ছেলেটা আমার সঙ্গে বেয়াদবি করেছে। তবে ক্লাসে আমার যাওয়াটা ঠিক হয়নি।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য থানা থেকে মাসুদ রানাকে ছাড়িয়ে আনা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির লোকজন মিলে আমার কাছে আসায় ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।’