সখীপুরে সাংসদকে হত্যার হুমকি, দুই ছাত্র আটক
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহানকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শনিবার দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন সাব্বির আহমেদ (১৬) ও রোমান আহমেদ (২০)। দুজনের বাড়ি সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী গ্রামে। সাব্বির স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর রোমান এবার এইচএসসি পাস করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির গত শুক্রবার তার ফেসবুক থেকে সাংসদের ফেসবুকে নিজেদের শিবিরের কর্মী পরিচয় দিয়ে বার্তা পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেয়। রাতেই সাংসদের ফুপাতো ভাই শিবলী সাদিক সখীপুর থানায় সাংসদের পক্ষে জিডি করেন।
গতকাল বিকেলে জানতে চাইলে সাংসদ অনুপম শাহজাহান বলেন, তিনি ফেসবুকে ওই হুমকি পেয়েছেন।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো তাদের বিরুদ্ধে মামলা হয়নি।