সখীপুরে সড়কে ডাকাতি, মুঠোফোন ও টাকা লুট
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা-কালিহাতী সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। ডাকাতেরা যানবাহনের যাত্রী ও আরোহীদের কাছ থেকে ২০-২৫টি মুঠোফোন ও ৫ লাখ টাকা নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল ডাকাত বড়চওনা-কালিহাতী সড়কের ছোটচওনা ঘাটেরপাড় সেতু এলাকায় সড়কে গাছ ফেলে মাইক্রোবাস, মোটরসাইকেল, পোল্ট্রি ব্যবসায়ীদের গাড়িসহ ১০-১২টি যানবাহন থামায়। পরে তারা যাত্রী ও আরোহীদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী সখীপুর উপজেলার অ্যাঙ্গারচালা গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের কাছ থেকে ৩২ হাজার টাকা ও একটি দামি মুঠোফোন, একই গ্রামের ভেকোচালক ফারুক আহমেদের কাছ থেকে তিন হাজার টাকা ও মুঠোফোন, ইন্দারজানী গ্রামের বাসিন্দা লিয়ন ফিডের ব্যবস্থাপক ইউনুস আলীর কাছ থেকে ৩ লাখ ৩৮ হাজার ও দুটি দামি মুঠোফোন, দিঘীরচালা গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী মো. এরশাদ মিয়ার কাছ থেকে দেড় হাজার টাকা ও মুঠোফোন, একই গ্রামের ব্যবসায়ী আবদুল আলীমের কাছ থেকে ৮৬ হাজার টাকা, মুরগির বাচ্চা বহনকারী পিকআপচালক রিয়াজের কাছ থেকে ছয় হাজার টাকা ও মুঠোফোন লুট নিয়ে চলে যায়।
দিঘীরচালা গ্রামের পোলট্রি ব্যবসায়ী মো. এরশাদ (২৮) বলেন, ‘ডাকাতরা সড়কে গাছ ফেলে আমার মোটরসাইকেল থামিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে চলে যায়।’
সখীপুর থানার এসআই আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ওই সড়কের দিঘীরচালা এলাকার একটি বেগুনখেত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি দা, দুটি করাত, একটি মুঠোফোন, ১২টি সিমকার্ড ও দুটি টর্চলাইট উদ্ধার করার কথা নিশ্চিত করেন।
এ বিষয়ে সখীপুর থানার ওসি) মাকছুদুল আলম বলেন, ‘ডাকাতদের গ্রেপ্তারে বুধবার রাত থেকেই পুলিশ অভিনব কৌশল ব্যবহার করছে।