টাঙ্গাইলের সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঢাকা বিভাগের বাইরে বদলি করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত।
এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ওই দুই কর্মকর্তার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। চার সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড পাওয়া টাঙ্গাইলের সখীপুরের সেই স্কুলছাত্রকে ১৮ অক্টোবর খালাস দেন হাইকোর্ট। ওই শিক্ষার্থীর জবানি (আটক ও শারীরিক নির্যাতন) ধরে উচ্চ আদালত ঘটনার বিচারিক তদন্তের নির্দেশ দেন। এ ছাড়া ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সখীপুরের নির্বাহী হাকিম ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম ও ওসি মোহাম্মদ মাকসুদুল আলমকে সখীপুর থেকে প্রত্যাহার করতে এবং তদন্তের স্বার্থে তাঁদের ঢাকা বিভাগের বাইরে বদলি করতে আদেশ দেন আদালত। এ বিষয়ে এই দুই কর্মকর্তা গত সপ্তাহে আপিল বিভাগে আবেদন করেন।
আদালতে ইউএনওর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন, সঙ্গে ছিলেন আইনজীবী মাহফুজ উল আলম। পরে ইউসুফ হোসেন হুমায়ুন প্রথম আলোকে বলেন, প্রত্যাহার করে তাঁকে (ইউএনও) ঢাকা বিভাগের বাইরে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত হয়েছে।
ঢাকা বিভাগের বাইরে অন্যত্র বদলি করতে হাইকোর্টের দেওয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ওসির আইনজীবী নুরুল ইসলাম সুজন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। শুধু বদলির বিষয়টি স্থগিত হয়েছে। ফলে উনি (ওসি) ওখানেই (সখীপুরে) থাকবেন। তবে স্কুলছাত্রকে খালাস দেওয়া ও বিচারিক তদন্তের জন্য হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।’
‘বয় জেইলড ফর এফবি কমেন্ট অ্যাবাউট এমপি’ শিরোনামে দ্য ডেইলি স্টার-এ গত ২০ সেপ্টেম্বর প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ফেসবুকে টাঙ্গাইল-৮ আসনের সাংসদকে ‘হুমকি’ দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে প্রতীমা বঙ্কি পাবলিক হাইস্কুলের এক ছাত্রকে দুই বছরের কারাদণ্ড দেন। ফেসবুকে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এর আগে সাংসদের পক্ষে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওই প্রতিবেদনটি নজরে আনা হলে ২০ সেপ্টেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেন, ব্যাখ্যা জানাতে সখীপুরের ইউএনও-ওসিকে হাইকোর্টে হাজির হতে এবং শিক্ষার্থীকে জামিন দিয়ে তাকেও হাজির হতে বলা হয়। দুই কর্মকর্তা হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য হলফনামা আকারে দাখিল করেন। তাঁদের বক্তব্য অনুসারে, এক শ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই সাজা দেওয়া হয়।
ওই শিক্ষার্থী উচ্চ আদালতে বলেন, থানায় নির্যাতনের পাশাপাশি তাকে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। রুলের শুনানি শেষে ১৮ অক্টোবর হাইকোর্ট রায় দেন।