সঙ্গে থাকা ককটেল বিস্ফোরণে দুই ছিনতাইকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকার পূবালী ব্যাংকের সামনে নিজেদের সঙ্গে থাকা ককটেল বিস্ফোরণে দুই ছিনতাইকারী মারা গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় এই ঘটনা ঘটে। 

নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গিয়ে ককটেলের স্প্লিন্টারে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া যাঁর কাছ থেকে টাকা ছিনতাই করা হয়েছিল সেই ব্যক্তিও ছিনতাইকারীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন।
আহত লোকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন বাবুল দাস (৫০), সোহরাব (৪৫), শাকিল (২৮), নুরুল আলম (৩০), সাইফুদ্দিন (২০) ও জামান (১৮)।

যাঁর কাছ থেকে টাকা ছিনতাই করা হয় তাঁর নাম সত্য গোপাল ভৌমিক। তিনি মাঝিরঘাটে সাহা করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কাজ করেন। তাঁর বাসা নগরের পূর্ব মাদারবাড়ি। ছিনতাইকারীদের ছোড়া ছররা গুলি লেগেছে সত্য গোপালের পেটে ও পিঠে। বর্তমানে তাঁর অস্ত্রোপচার চলছে।

সত্য গোপালের এক আত্মীয় সুখ দেব সাহা জানান, সত্য গোপাল টাকা নিয়ে রাত সাড়ে ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয় ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে।

স্প্লিন্টারে আহত সোহরাব ও শাকিল জানান, দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে ওই ব্যক্তির রিকশার গতিরোধ করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ওই ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। ওই ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ককটেল ফাটিয়ে ও গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের কাছে থাকা একটি ককটেল বিস্ফোরিত হলে মোটরসাইকেলটি পড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে পুলিশ এসে আরেকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ ভূঁইয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়জনও মারা যায়। ককটেলে দুই ছিনতাইকারীর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মর্জিনা আক্তার জানান, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও টাকাভর্তি ব্যাগ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় আরও কয়েকজন ছিনতাইকারী থাকতে পারে। পরে হয়তো তারা জনতার সঙ্গে মিশে গেছে।