টেলিফোন করে গতকাল সোমবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সচিবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে সচিবের দপ্তরেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রোববার দুপুরের পর তাঁর গাড়ি বন্ধ করে দেওয়ায় সচিব কার্যালয়ে যেতে পারেননি।
সরকারি আর্থিক সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ায় সচিবের অপসারণ ও টাইম স্কেল পুনরায় চালুসহ পাঁচ দফা দাবিতে দাপ্তরিক সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন বিএমডিএর ১ হাজার ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী।
গতকাল সোমবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে দাবি না মানা পর্যন্ত দাপ্তরিক সব কাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এ সময় তাঁরা সচিবের অপসারণ দাবি করে স্লোগান দেন।
কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বায়ক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হোদার সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক ও বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাসেম, ফোরম্যান আবদুল হালিম, সদস্যসচিব সহকারী প্রকৌশলী জি এম এম হাসানুল ইসলাম বক্তব্য দেন। তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে গৃহনির্মাণ ঋণ পুনরায় চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং জনবলকাঠামো ও নিজস্ব আইন প্রণয়ন।
সমাবেশে শামসুল হোদা বলেন, ১ হাজার ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী বিএমডিএতে কর্মরত আছেন। ২০১১ সালে উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে বিএমডিএর সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি যোগদানের পর সরকারি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পদোন্নতি, সিনিয়র স্কেল, গৃহনির্মাণ ঋণ ও জনবল নিয়োগ বন্ধ করে দেন। এতে বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
ঐক্য পরিষদের পক্ষ থেকে বিএমডিএর সচিব দেওয়ান আবদুস সামাদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে সদস্যসচিব হাসানুল ইসলাম বলেন, ঐক্য পরিষদের পক্ষ থেকে কেউ তাঁকে হত্যার হুমকি দেননি। তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন। এ রকম পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।
বিএমডিএর সচিব দেওয়ান আবদুস সামাদ বলেন, গতকাল সকালে টেলিফোন করে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে জানায়, তাঁর দপ্তরে তালা দেওয়া হয়েছে। তিনি যেন আর অফিসে না আসেন। অফিসে গেলে তাঁর লাশ পড়ে যাবে বলে শাসানো হয়। কে বলছেন, জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে ঐক্য পরিষদের সদস্য পরিচয় দিয়ে ফোন রেখে দেন। এ ব্যাপারে থানায় জিডি করা হবে বলে জানান সচিব।
আবদুস সামাদ আরও বলেন, প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসিত না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আর্থিক সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের একটি রেজুলেশনের মাধ্যমে বরেন্দ্র এলাকার উন্নয়নে পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠা করা হয়। এখানে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্প শেষ হলে তাঁদের চাকরিও শেষ হয়ে যাবে। আর যাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ পান, তাঁরা সরকারের জাতীয় স্কেলে বেতন বা আর্থিক সুযোগ-সুবিধা পান না। এত দিন তাঁরা যেসব আর্থিক সুবিধা নিয়েছেন, তা সম্পূর্ণ অবৈধ। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হতে পারে বলে উল্লেখ করেন সচিব।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিএমডিএর কার্যালয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সচিব তাঁকে জানিয়েছেন। তাঁকে জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।