বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালে কড়া নিরাপত্তার মধ্যেই সচিবালয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার গোপীবাগেও একটি বিলাসবহুল বাসের গ্যারেজে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি মার্সিডিজ বাসসহ তিনটি গাড়ি পুড়ে গেছে। পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশু ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত হয়েছেন।
এদিকে গতকাল সন্ধ্যা প্রায় ৩৬ ঘণ্টায় রাজধানী থেকে বিএনপি-জামায়াতের ৩৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বাসে আগুন দেওয়ার সময় যুবদলের এক নেতাকে গুলি করে গ্রেপ্তার করেছে পুলিশ।
সচিবালয়ে ককটেল: গতকাল বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ের পশ্চিম পাশে গণপূর্ত বিভাগের স্টোররুমের পাশের আঙিনায় একটি ও সচিবালয়-লাগোয়া বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেলে বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় একটি কক্ষের কাচ ভেঙে যায়।
পুলিশের ধারণা, বিদ্যুৎ ভবনের পঞ্চম তলা থেকে কেউ একটি ককটেল নিচে ছুড়লে সেটি ওই স্টোররুমের পাশে গিয়ে পড়ে। আরেকটি ছুড়তে গিয়ে পঞ্চম তলারই জানালায় লাগে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যুৎ বিভাগের একজন উপসহকারী প্রকৌশলী, ভবনের সিসি ক্যামেরার নিয়ন্ত্রক ও একজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে।
পুলিশ বলেছে, ককটেল দুটি যেখান থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে তার পাশেই আটক প্রকৌশলীর কক্ষ। ঘটনার সময় তাঁর কক্ষে একজন ঠিকাদার বসে ছিলেন, যাঁকে পরে পাওয়া যায়নি। আর বিদ্যুৎ ভবনে সিসিটিভির ক্যামেরাগুলো বিকল থাকায় এর অপারেটরকে আটক করা হয়। ভবনে আগন্তুকদের সম্পর্কে জানতে একজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গ্যারেজ ও যানবাহনে আগুন: গত রাত আটটার দিকে গোপীবাগে বাগদাদ এক্সপ্রেস নামে একটি পরিবহন সংস্থার গ্যারেজে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সেখানে থাকা দুটি মার্সিডিজ বাস পুড়ে গেছে। পাশেই একটি মেকানিকের দোকানে আগুন ছড়ালে সেখানে আরেকটি গাড়ি পুড়ে যায়।
এদিকে পুরান ঢাকার সিএমএম আদালতের সামনের সড়কে রাত আটটার দিকে ইউনাইটেড পরিবহনের একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। সদরঘাট থেকে মিরপুরের উদ্দেশে রওনা দেওয়ার পরপরই যাত্রীবেশী দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন দিয়ে নেমে পড়ে। এর আগে সন্ধ্যা সাতটার দিকে নিউমার্কেট এলাকায় গাজীপুর-আজিমপুর পথে চলাচলকারী ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
যুবদলের নেতাকে গুলি: পুলিশের ভাষ্যমতে, রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের বিপরীত দিকে রাফিন প্লাজার সামনে একটি মিনিবাসে আগুন দেওয়ার সময় আবদুর রাজ্জাক (২৮) নামে যুবদলের এক নেতাকে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে একটি গুলি করলে তা তার ডান পায়ে লাগে। তখন তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্জাক যুবদলের ১৮ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি আজিমপুরের ছাপড়া মসজিদ এলাকায় থাকেন। এ ছাড়া গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে মো. রাসেল নামে এক যুবককে ককটেলসহ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
ককটেলে আহত দুই: সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার লালবাগ চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে সাব্বির হেসেন (১৩) নামে চতুর্থ শ্রেিণর এক শিক্ষার্থী পায়ে স্প্লিন্টারবিদ্ধ হয়েছে। আর রাত পৌনে আটটার দিকে পুরান ঢাকার শেখ সাহেব রোডে ককটেল বিস্ফোরণে নুরুল আমিন (২৫) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র আহত হন। তাঁরও ডান পায়ে স্প্লিন্টার লেগেছে।
রেলে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার: রেলে নাশকতাকারীদের হাতেনাতে ধরিয়ে দিলে কিংবা তথ্য দিয়ে সহায়তা করলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তবে পুরস্কারের অঙ্ক কত তা তিনি খোলাসা করেননি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।
গতকাল রোববার রেলভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী। নাশকতার উদ্দেশ্যে রেললাইন ওপড়ানো, ফিশপ্লেট খুলে ফেলা, ট্রেনে অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কার্যকলাপ দেখা গেলে সবাইকে নির্ধারিত নম্বরে ফোন দেওয়ার অনুরোধ জানান মুজিবুল হক। যোগাযোগ নম্বরগুলো হচ্ছে—পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৬৯৬৯০০৩৩, জিআরপি নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৮৫৯০৩৭১২, বিভাগীয় রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ (ঢাকা): ০১৭১১৬৯১৫৬৪, চট্টগ্রাম: ০১৭১১৬৯১৬৩৫, পাকশী: ০১৭১১৬৯১৬২১, লালমনিরহাট: ০১৭১১৬৯১৬০৪।
রেলমন্ত্রী জানান, নিকটস্থ থানা/ পুলিশ ফাঁড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা রেলওয়ে কর্তৃপক্ষকেও তথ্য জানানো যাবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে রেলমন্ত্রী জানান, নিরাপদ ও স্বাভাবিক রেল যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় জনগণের সংশ্লিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল, সারসহ গুরুত্বপূর্ণ মালামাল পরিবহন অব্যাহত রাখা হবে।