নিয়োগ-বাণিজ্য ও চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো. ছামছুল আলমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দুদকের কুমিল্লা কার্যালয়ে গিয়ে দুজন কাউন্সিলর তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ জন কাউন্সিলর স্থানীয় সরকার সচিব, দুর্নীতি দমন কমিশনের সচিব, দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও কুমিল্লার উপপরিচালকের কাছে সচিবের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগ প্রসঙ্গে সচিব মো. ছামছুল আলম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে আমি জড়িত নই। নগর ভবনের কিছু কর্মকর্তা ও কাউন্সিলর আমার বিরুদ্ধে অভিযোগ করেন।’ চেক জালিয়াতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কাউন্সিলররা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে কুমিল্লা সিটি করপোরেশনের সচিব পদে যোগদান করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ছামছুল আলম। যোগদানের পর থেকে তিনি খণ্ডকালীন (মাস্টার রোলে) কর্মচারী নিয়োগ-বাণিজ্য করেন। এ ছাড়া তিনি আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের (ইউপিএইচসিপি-২) দায়িত্বে থাকাকালীন এক ঠিকাদারের জামানতের ২ লাখ ৩০ হাজার টাকার চেক আত্মসাৎ করেন। ২০১৩ সালের ২ অক্টোবর সিটি করপোরেশনের মাসিক সভায় সেটি উত্থাপনও করা হয়। এরপর ওই সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সিটি করপোরেশনের বেশির ভাগ কাউন্সিলর তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার কুমিল্লা দুদক কার্যালয়ে অভিযোগকারীদের বক্তব্য শোনার জন্য ডাকা হয়। সেখানে কাউন্সিলররা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
জানতে চাইলে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম খান বলেন, চেক জালিয়াতির বিষয়টি প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে। ওই সচিব যোগদানের পর থেকে নগর ভবনে নানা ধরনের অনিয়ম করে আসছেন।
এ ব্যাপারে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।