লালমনিরহাটে ১০ টাকা কেজির চাল কর্মসূচির ৩০৯০টি কার্ড বাতিল করা হয়েছে। এসব কার্ড সচ্ছল ও অযোগ্য ব্যক্তিরা পেয়েছিলেন। এ ছাড়া আদিতমারীতে এক সচ্ছল ভোক্তার কাছ থেকে ৮১৩ টাকা ও হাতীবান্ধার অপর এক সচ্ছল ভোক্তার কাছ থেকে ১ হাজার ১১২ টাকা জরিমানা (চালের বাজার দর) আদায় করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১ হাজার ৮৮টি, পাটগ্রামে ১৬৫টি, আদিতমারীতে ৪৯৩টি, কালীগঞ্জে ৭২৪টি ও হাতীবান্ধায় ৬২০টি কার্ড বাতিল করা হয়েছে।
ওই কার্ড বাতিলের সত্যতা নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা প্রথম আলোকে বলেন, আগামী মার্চ ও এপ্রিল মাসের কার্ডের তালিকায় যাতে কোনো সচ্ছল বা অযোগ্য ব্যক্তির নাম না থাকে সে জন্য সচেতন নাগরিকদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেটে বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে/তালিকায় কোনো সচ্ছল ব্যক্তি, ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী ও একই পরিবারের একাধিক সদস্য অন্তর্ভুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। প্রাপ্ত অভিযোগের তদন্তের ভিত্তিতে খাদ্য বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে।
জেলায় গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ৪ হাজার ৮৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় ২০১৭ সালের মার্চ ও এপ্রিল মাসেও ১০ টাকা কেজি দরে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।