মঠবাড়িয়ায় এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয়ের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবের সামনের সড়কে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার দাবিতে শতাধিক গ্রাহক মানববন্ধন করেছেন।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, ২০০৪ সাল থেকে সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা মঠবাড়িয়া উপজেলায় কার্যক্রম শুরু করে। ২০১০ সালে সংস্থাটি উপজেলার বান্ধবপাড়া এলাকায় নতুন শাখার কার্যক্রম চালু করে। এরপর গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় জমা নেওয়া শুরু করে। এরপর বান্ধবপাড়া শাখায় স্থানীয় ৩১৫ জন গ্রাহক মুনাফার আশায় ৫ ও ১০ বছর মেয়াদি ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত সঞ্চয় জমা করেন। এ ছাড়া পাঁচ বছরে দ্বিগুণ মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়। ২০১৫ সালের আগস্টে সংস্থাটি গ্রাহকদের ৩০ লাখ টাকা ফেরত না দিয়ে বান্ধবপাড়া শাখা বন্ধ করে দেয়। এরপর গ্রাহকেরা সংস্থাটির মাঠকর্মী ও কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও টাকা পাননি।
উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামের সেতারা বেগম অভিযোগ করেন, তিনি সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের বান্ধবপাড়া শাখায় প্রতি মাসে ৫০০ টাকা করে সঞ্চয় করেছেন। ২০১৫ সালের নভেম্বরে তাঁর সঞ্চয়ের পাঁচ বছর শেষ হওয়ার পর ৩৭ হাজার ৫০০ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি ওই টাকা এখন পর্যন্ত পাননি।
সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের বান্ধবপাড়া শাখার ব্যবস্থাপক মোস্তফা শহিদুল আলম বলেন, ‘আমাদের শাখায় ৩১৫ জন গ্রাহকের ৩০ লাখ টাকা সঞ্চয় রয়েছে। ২০১৫ সালের আগস্টে আমাদের না জানিয়ে শাখাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আমি বাদী হয়ে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের মহাপরিচালক এ কে এম শামস উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করি।’
উপজেলার বান্ধবপাড়া শাখার সঞ্চয়ী গ্রাহক পরেশ চন্দ্র অভিযোগ করেন, দরিদ্র গ্রাহকদের সঞ্চয়ের টাকা নিয়ে সোনালী উন্নয়ন ফাউন্ডেশন টালবাহানা ও প্রতারণা শুরু করলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি ২০১৫ সালের ১৬ জুলাই এক আদেশে সংস্থাটির সনদ বাতিল করে। পাশাপাশি সব গ্রাহকের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।
সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের মহাপরিচালক এ কে এম শামস উদ্দিন ও নির্বাহী পরিচালক শাহাদাত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁরা ফোন ধরেননি।