বেসিক ব্যাংক জালিয়াতি মামলার এজাহারভুক্ত এক ডজনেরও বেশি আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে মাত্র দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জামালপুরে অভিযান চালায় দুদকের ছয় সদস্যের একটি দল।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন এমারেল্ড অটো ব্রিকসের পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদ সুজা। তাঁরা দুজন সহোদর। এই দুজন বেসিক ব্যাংক থেকে ৭০ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার আসামি। জামালপুরের ছনকান্দা ও স্টেশন রোড এলাকা থেকে দুদকের দলটি তাঁদের গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে এমারেল্ড গ্রুপের অন্যতম স্বত্বাধিকারী সৈয়দ হাসিবুল গনিকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করা হয়।
দুদকের সূত্র জানায়, বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় অন্যতম অভিযুক্ত এমারেল্ড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকেরা জামালপুরে রয়েছেন, এমন তথ্য পেয়ে ঢাকা থেকে দুদকের একটি দল শুক্রবার রাতে জামালপুরে গিয়ে সেখানকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এমারেল্ড অটো ব্রিকসের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুল গনি, পরিচালক এনামুল গনি, সুলতান আহমেদ, সৈয়দ রেজাউল গনি, আবদুস শাফি ও সৈয়দ হাসান আল আরাফ, আহমেদ অয়েল মিলসের পরিচালক আসলাম আহমেদ, এমারেল্ড ড্রেসেসের পরিচালক এনামুল হক খান, রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজের এমডি মীর আবদুল মোনায়েম, পরিচালক আশরাফ আলীসহ আরও কয়েকজনের বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।
দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, তদন্ত কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করছেন। আসামিদের আইনের আওতায় আনতে যেকোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার তাঁদের আছে।