বরগুনায় এইচএসসি পরীক্ষায় শিক্ষকদের সহযোগিতায় নকলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনে মুখ না খোলার জন্য গত শনিবার আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষকদের কাছ থেকে মুচলেকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন শিক্ষক গতকাল রোববার এ কথা জানান।
এদিকে অভিযোগ তদন্তের জন্য গতকাল বরিশাল শিক্ষা বোর্ডের তদন্ত দল আমতলী যায়। বোর্ডের সচিবের নেতৃত্বে তদন্ত দলটি দিনভর শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, শনিবার বিকেলে অধ্যক্ষ মজিবুর রহমান কলেজের সব শিক্ষককে ডেকে একটি করে কাগজ দেন। সবার কাগজে লেখা ছিল ‘চলতি এইচএসসি পরীক্ষা খুব সুন্দর ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হচ্ছে। এতে কোনো অনিয়ম হয়নি। পরীক্ষায় অনিয়ম হয়েছে—এমন কোনো বক্তব্য আমরা কোনো সাংবাদিকের কাছে দিইনি।’ এরপর অধ্যক্ষ সবাইকে কাগজে সই দিতে বলেন। অন্য শিক্ষকেরা কাগজে সই দিলেও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক ফজলুর রহমান তাতে সই করেননি। পরে শনিবার সন্ধ্যায় একদল যুবক শিক্ষক ফজলুর রহমানকে তাঁর বাড়িতে খুঁজতে যান। তবে তিনি ওই সময় বাড়িতে ছিলেন না। এতে ফজলুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে আছেন।
ওই শিক্ষকেরা আরও বলেন, ‘আমরা অসহায়। শিক্ষক হিসেবে এ অনৈতিক কর্মকাণ্ড মেনে নিতে পারছি না। কিন্তু চাকরি ও রাজনৈতিক প্রভাবশালীদের ভয়ে আমরা এসব অনিয়মের প্রতিবাদ করতে পারছি না। দয়া করে এ নিয়ে যা করার আপনারা করুন। শিক্ষাব্যবস্থাকে রক্ষা করুন।’
গতকাল ফজলুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। শুক্রবার প্রথম আলোর সঙ্গে নকলের বিষয়ে কথা বলার পর থেকেই তিনি রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে রয়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।
অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, ‘আমি শিক্ষকদের নিয়ে বসেছিলাম। গত শনিবার প্রথম আলো পত্রিকায় আমতলীতে এইচএসসি পরীক্ষার অনিয়ম নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে বিষয়ে শিক্ষকদের মতামত জানতে চেয়েছি। এ ছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের তদন্ত দলের সামনে আমরা কীভাবে বক্তব্য দেব, তা ঠিক করতে চেয়েছিলাম।’
কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন জুয়েল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা দুটি কলেজের শিক্ষক ও পত্রিকায় প্রকাশিত দায়ী শিক্ষকদের বক্তব্য নিয়েছি। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।’
শনিবার প্রথম আলোয় ‘শিক্ষকদের সহযোগিতায় নকল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই দিনই বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম একটি তদন্ত কমিটি গঠন করেন। একই সঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরেকটি কমিটি গঠন করেন।