সড়ক অবরোধ করে যাত্রীদের মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা এবং মুঠোফোন সেট লুট করেছে ডাকাতেরা। এ সময় বাধা দিতে গিয়ে দুজন গ্রাম পুলিশ আহত হন। উপজেলার মির্জাপুর-জামাইল সড়কের মাকড়কোলায় গত শুক্রবার ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চেতন চন্দ্র দাস (৪৫) ও সত্য নারায়ণ দাস (৫০)। তাঁরা উপজেলার বিশালপুর ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্য। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তাইয়েব বিন জাহাঙ্গীর বলেন, চেতনের বাঁ হাতে লোহার রড দিয়ে ও সত্য নারায়ণের বাঁ হাতে ধারালো কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
আহত চেতন চন্দ্র দাস বলেন, রাত সোয়া একটার দিকে তাঁরা দায়িত্ব পালন করে একটি ভটভটি করে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। মাকড়কোলায় পৌঁছালে ১০-১২ জন মুখোশপরা লোককে তাঁরা সড়কের গাছ কেটে পথরোধ করে রাখতে দেখেন। এ সময় তারা কমপক্ষে ছয়-সাতটি সিএনজিচালিত অটোরিকশা, ট্রলি ও ভটভটি গাড়ির চালক ও যাত্রীদের জিম্মি করে লুটপাট করছিল। পরে তাঁরা বাধা দিলে তাঁদের আহত করে হাত বেঁধে সড়কের পাশে ফেলে দেওয়া হয়।