সড়ক অবরোধের পর গুঁড়িয়ে দেওয়া হলো যাত্রা-জুয়ার মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা ও জুয়া খেলা বন্ধের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর এলাকায় গতকাল শনিবার সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এই কর্মসূচির পরই পুলিশ যাত্রা ও জুয়া খেলার মঞ্চ গুঁড়িয়ে দেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গাবেরতল, খোলাহাটি ইউনিয়নের কালিতলা, ভেড়ামারা ও কদমেরতল এলাকায় কয়েক দিন ধরে যাত্রার নামে অশ্লীল নাচ, হাউজি ও নানা ধরনের জুয়া খেলা চলছিল। জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধ প্রবণতা বেড়ে গেছে। কিন্তু জেলা ও উপজেলা প্রশাসন এবং থানা-পুলিশকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গতকাল গাবেরতল এলাকায় একটি জুয়ার মঞ্চ পুড়িয়ে দেয় এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
গাইবান্ধা সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে এলাকাবাসী গাবেরতল এলাকার একটি জুয়ার মঞ্চ পুড়িয়ে দেয়। দুপুর সাড়ে ১২টায় তারা সদর উপজেলাসহ সারা জেলায় যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়া খেলা বন্ধের দাবিতে দারিয়াপুর এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মোমিন খান সেখানে এসে জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বেলা আড়াইটার দিকে গাইবান্ধা সদরের ইউএনও বিভিন্ন এলাকায় অভিযান চালান। তাঁর নেতৃত্বে পুলিশ উপজেলার কালিতলা, ভেড়ামারা ও কদমেরতল এলাকার তিনটি অশ্লীল নাচের মঞ্চ ও তিনটি জুয়ার মঞ্চ গুঁড়িয়ে দেয়। গাইবান্ধা সদর ইউএনও আশরাফুল মোমিন খান মঞ্চ ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, ‘ওই সব স্থানে জুয়া চালানোর বিষয়টি আমাদের জানা ছিল না। গতকাল খবর পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় ওই তিনটি জুয়া ও যাত্রার মঞ্চ ভেঙে ফেলা হয়।’
সড়ক অবরোধ চলাকালীন এক প্রতিবাদ সমাবেশে ধর্মপুর আবদুল জোব্বার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরওয়ার, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আব্দুস সামাদ প্রমুখ বক্তৃতা করেন।