সড়ক ঝুঁকিতে ফেলে বালু তুলছেন তিনি

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কসংলগ্ন একটি খাল থেকে স্যালো ইঞ্জিনের মাধ্যমে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে সড়ক ও খালসংলগ্ন কিছু বসতভিটা ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের সাহা মাতুব্বর পাড়ার ওই খাল থেকে এভাবে বালু তোলা হচ্ছে।
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল ব্যাপারী ও তাঁর লোকজন এক সপ্তাহের বেশি সময় ধরে অবৈধভাবে বালু তুলছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, সড়কের পাশে সাহা মাতুব্বর পাড়ায় আবদুল খালেকের জমি লাগোয়া খালে প্রথমে ২১ নভেম্বর খননযন্ত্র বসান আওয়ামী লীগ নেতা খলিল ব্যাপারী ও তাঁর লোকজন। এলাকাবাসীর বাধা উপেক্ষা করেই বালু উত্তোলন করতে থাকেন আওয়ামী লীগ নেতা। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে ২৭ নভেম্বর খননযন্ত্র তুলে মাত্র কয়েক গজ দূরে পূর্ব দিকে সরিয়ে বালু তোলা অব্যাহত রাখেন তিনি।
সরেজমিনে গত শুক্রবার বিকেলে দেখা যায়, আক্কু শিকদার (৪৫) ও ফরিদ শিকদার (৪০) নামের দুই ব্যক্তি দুটি স্যালো ইঞ্জিন বসিয়ে ওই খাল থেকে বালু তুলছেন। তাঁরা বলেন, আওয়ামী লীগ নেতা খলিল ব্যাপারী তাঁদের নিয়োগ করেছেন। চার-পাঁচ দিন ধরে খাল থেকে মাটি তুলে সড়কের বিপরীত পাশের মীরপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ ভরাট করছেন। এ পর্যন্ত তাঁরা প্রায় ২০ হাজার ঘনফুট বালু তুলেছেন বলে জানান আক্কু ও ফরিদ। এভাবে সড়ক ও বসতভিটার পাশ থেকে মাটি তোলা যায় কি না, জানতে চাইলে আক্কু শিকদার বলেন, ‘আমরা দিনমজুর। যাঁরা আমাগো দিয়া কাজ করাইতেছেন তাগো জিজ্ঞাস করেন।’
অভিযোগ প্রসঙ্গে খলিল ব্যাপারী বলেন, ‘মীরপাড়া জামে মসজিদ ও ঈদগাঁর মাঠ ভরাটের জন্য উপজেলা পরিষদ থেকে দুই টন চাউল বরাদ্দ পাই। দুইটা মাঠ ভরাটের জন্য তিন-চার দিন ধরে বালু তুলছি।’ নিরাপদ দূরত্বে ড্রেজার বসানো হয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলার উজানচর সাহা মাতুব্বর পাড়ার শহীদ মীর বলেন, এভাবে বালু কাটতে নিষেধ করা হলেও খলিল ব্যাপারী ও তাঁর লোকজন শোনেননি। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। তাঁদের লিখিত দিতে বলেছিলাম। কিন্তু তা না পাওয়ায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি।’
স্থানীয় আবদুল খালেক বলেন, ‘খলিল ব্যাপারী যেমনে ড্রেজার দিয়া মাটি তুলতেছেন, তাতে কবে জানি রাস্তায় ভাঙন ধরে। ড্রেজার বসানোর সময় কয়েক শ লোক বাধা দিলেও উনি শুনেন নাই।’
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘কোনো সড়ক বা বাঁধকে হুমকির মুখে রেখে মাটি তোলা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি জানলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’