সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল-কালাইয়া সড়কের কালাইয়া ধানহাট সেতুর দুই পাশের সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী ও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, কালাইয়া ধানহাট সেতুসংলগ্ন পশ্চিম পাশের সড়কের ওপর বালুর স্তূপ এবং পূর্ব পাশে ইটের স্তূপ ও সুরকি রাখা হয়েছে। আর সেই ইট নেওয়ার জন্য সড়কে ট্রলি (উল্কা) রাখা হয়েছে। ফলে পাশ দিয়ে একটি রিকশা যাওয়ার মতো অবস্থা নেই। এর মাত্র ৫০ গজ দূরেই কালাইয়া হায়াতুননেছা বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
স্থানীয় লোকজন জানান, বালুর ব্যবসা করছে হাসান এন্টারপ্রাইজ ও জাহাঙ্গীর ট্রেডার্স নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান। ইটের ব্যবসা করছেন আবদুল খালেকসহ চার-পাঁচজন ব্যক্তি। তাঁদের দাবি, এতে জনসাধারণের কোনো অসুবিধা হয় না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, ওই ব্যবসায়ীরা আওয়ামী লীগের স্থানীয় এক প্রভাবশালী নেতার লোক হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি অম্লান সাহা বলেন, অধিকাংশ সময় সড়ক দখল করে ট্রলি, ট্রাক, ভ্যান, টমটমসহ বিভিন্ন যানবাহন রেখে ইট-সুরকি সরবরাহ হয়। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারীরা।
স্থানীয় সংবাদকর্মী তৌহিদ হোসেন বলেন, সড়ক দখল করে ইট ও বালুর ব্যবসা করার কারণে দুই বছরে সেখানে মোটরসাইকেল ও টমটম উল্টে একজনের মৃত্যুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মো. দলিল উদ্দিন নামের এক শিক্ষক বলেন, সরকারি সড়ক ও সড়কের পাশে সরকারি জায়গা দখল করে ইট ও বালুর ব্যবসা করায় কালাইয়া বন্দর এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বলেন, ইট ও বালু ব্যবসায়ীদের ব্যবসা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার বলা হলেও তাঁরা তা শুনছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে শিগগিরই ওই সড়কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে।