সড়ক দখল করে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার দুপাশেই সাজানো সবজির ঝুড়ি, মাছের চৌকোনা ড্রাম আর দোকানের বর্ধিত অংশ। সব মিলে একটি জমজমাট কাঁচাবাজার। মনে হতে পারে এটা কোনো স্থায়ী বাজারের চিত্র। কিন্তু এ স্থানটি পশ্চিম রামপুরা ও পূর্ব রামপুরার মাঝের ডিআইটি সড়ক এবং পশ্চিম রামপুরার ওয়াপদা সড়কের সংযোগ সড়ক। এখানেই নিয়মিত বাজার বসছে।
এলাকাবাসীর কাছে সড়কটি এখন রামপুরা কাঁচাবাজার নামে পরিচিত। রিকশাওয়ালারাও এ নামেই চেনেন। পশ্চিম রামপুরার রামপুরা সুপার মার্কেট এবং বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্য কলেজের মাঝ দিয়ে সড়কটি চলে গেছে ওয়াপদা সড়কে।
এ বাজারে বিক্রি হচ্ছে সব রকম সবজি, মাছ, শুঁটকি, মাংস, মুরগি, ফলসহ নানা কিছু। চোখে পড়ে সড়কের দুপাশে রামপুরা সুপার মার্কেট এবং বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্য কলেজ মার্কেট। এ দুই মার্কেটের ছোট ও মাঝারি আকারের দোকান ভাড়া নিয়ে দোকানিরা সড়কের ওপরই দোকানের বর্ধিত অংশের মালামাল নিয়ে বসেছেন। বাজারটি সারাক্ষণই ক্রেতাদের উপস্থিতিতে সরব। ফলে হাঁটাচলার জায়গা নেই বললেই চলে। সড়কের ওপর মালামাল থাকায় কোনো রকমে দুই সারি লোক চলাচল করতে পারে। তা-ও হাঁটতে গেলে গায়ে গা লেগে যায়।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ ইউছুফ বলেন, ‘মার্কেটের দোকান ভাড়া নেওয়া আছে। অতিরিক্ত মালামাল দোকানের সামনে রাখছি।’
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তাঁরা জানান, পুরো রামপুরায় কোনো কাঁচাবাজার নেই। ৩৫-৪০ বছর ধরে বাজারটি এই সংযোগ সড়ক ও আশপাশের বিভিন্ন জায়গায় বসতে পারার কারণে টিকে আছে। সড়কটি যখন আধা পাকা ছিল, তখনো এখানে বাজার বসত।
মহল্লাবাসীদের একজন আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আসা-যাওয়া করতে হলে তো রাস্তা দিয়ে যেতেই হবে। দোকানের মালামাল আর ক্রেতাদের কারণে চলাচলের জায়গা পাওয়া যায় না। তারপরও কিছুই বলার নেই।’
জানা গেছে, দোকান বসানোর জন্য প্রতিদিন দোকানপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা করে দিতে হয়। টাকা তোলেন লাইনম্যান। তবে এ বিষয়ে ব্যবসায়ীরা আলাদা আলাদা তথ্য দেন। কেউ কেউ টাকা দেওয়ার কথা স্বীকার করলেও লাইনম্যানের সন্ধান দেননি।
সবজি বিক্রেতা মো. জসিম বলেন, রামপুরা বাজারে কেউ টাকা দিয়ে ব্যবসা করেন না। এক বছর আগে পুলিশ একবার বাজার তুলে দেয়। তারপর থেকে কেউ আর টাকা ওঠান না। আগে মোস্তফা টাকা তুলতেন, এখন জেলে আছেন।
বাজারটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২২ নম্বর ওয়ার্ডে। খোলে সকাল ৯টায়, বন্ধ হয় রাত ১১টায়।
বিষয়টি জানালে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওদিকে তেমন যাওয়া হয় না তো, বিষয়টি আমার জানা নেই। এসব ক্ষেত্রে আমরা সাধারণত স্থানীয় ওয়ার্ড কমিশনারদের সহযোগিতা নিয়ে কাজ করি। কমিশনারের মাধ্যমে লোক পাঠিয়ে খোঁজ নেব। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’