সড়ক দখল করে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে সড়ক দখল করে এলাকার এক ব্যবসায়ী ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সড়ক দখলে খোদ ভূমি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা জড়িত আছেন বলে অভিযোগ উঠেছে।
বাজারের কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, এক মাস ধরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দশত্তর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদ বাজারের ভেতরে বিপণিবিতান (মার্কেট) নির্মাণের কাজ শুরু করেন। ভবনের অর্ধেক তাঁর নিজের জায়গায় আর বাকি অংশ সাতুল্লা-কলমা সংযোগ সড়ক দখল করে নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে বাজারের সুবিধাভোগী একটি শ্রেণি জড়িত। এ কারণে সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ভবন নির্মাণের জায়গাটি পাঁচগাঁও ভূমি কার্যালয় থেকে ৫০ গজ দূরে। ওই কার্যালয়ের এত কাছে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাওয়ায় তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে পাঁচগাও ভূমি কার্যালয়ের তহশিলদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি বরং সরকারি জায়গায় স্থাপনা নির্মাণে মৌখিকভাবে বাধা দিয়েছি। কিন্তু তারপরও স্থাপনা নির্মাণ করা হচ্ছে।’ বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও দাবি করেন।
এ ব্যাপারে রাজু আহমেদের সঙ্গে কথা বলার জন্য গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার তাঁর মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বীথি দেবনাথ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একজন নায়েবকে দিয়ে তদন্ত করে সড়ক দখলের প্রমাণ পাওয়া গেছে। স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়ে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। এরপরও স্থাপনা সরিয়ে নেওয়া না হলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
ইউনিয়ন ভূমি কার্যালয়ের এত কাছে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ সম্পর্কে বীথিদেবনাথ বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণেই হয়তো এটা হয়েছে। এ বিষয়টিও খোঁজ নিয়ে দেখা হবে।