সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উম্মে তামিমা (৩৮) নামের এক প্রভাষক নিহত হয়েছেন। গতকাল রোববার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের মেসার্স হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
উম্মে তামিমা শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুর করে। নিহত তামিমার স্বামী শাহ্ আলম বরিশালের হিজলা উপজেলার হিজলা ডিগ্রি কলেজের প্রভাষক।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে চাঁদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় তিনি কলেজে রওনা হন। হান্নান ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। উম্মে তামিমা রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও আরও তিন যাত্রী আহত হয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খবর পেয়ে কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা হান্নান ফিলিং স্টেশন ও শাহরাস্তি গেট এলাকায় ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুর করে। পরে শাহরাস্তি গেট এলাকায় পরিবহনশ্রমিকেরা শিক্ষার্থীদের ধাওয়া করে কয়েকজনকে মারধর করে। এর প্রতিবাদে পরে শিক্ষার্থীরা সূচীপাড়া বাজারে অবস্থান নিয়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল বাকের বলেন, আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত।
শাহরাস্তি থানার উপপরিদর্শক আবদুল মান্নান বলেন, এ বিষয়ে নিহত তামিমার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম বলেন, নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার-কুলাউড়া সড়কের সদর উপজেলায় একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় আনিছুর রহমান (৪৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। গত শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনিছুর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তরমুলাইম গ্রামে থেকে রিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রিকশা চালিয়ে মৌলভীবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার ইসলামপুর এলাকায় দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আনিছুর রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।