সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া একই দিন আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আনাস (১৮) নামের এক ছাত্র মারা যান। আনাস যাত্রাবাড়ীর মুক্ত সরণি এলাকায় স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
তবে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ সাহা জানান, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না।
গতকাল রাত পৌনে ১১টার দিকে আবু হায়দার শামীম (৩০) নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আবু হায়দারের ভাগনে পরিচয় দিয়ে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি সাংবাদিকদের জানান, নিহত আবু হায়দার পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি গবেষণা ইনস্টিটিউটে টেকনিশিয়ান হিসেবে চাকরি করতেন। একটি কাজে তিনি ঢাকায় এসেছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মিরপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় আহত হন বলে সেখানকার এক পুলিশ সার্জেন্ট তাঁকে (মোস্তাফিজুর) ফোন করে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে কীভাবে আবু হায়দার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তার বিস্তারিত কিছু জানতে পারেননি তিনি।
যোগাযোগ করা হলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।