সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ নিহত ৪
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও কুমিল্লায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন সম্পর্কে মা ও ছেলে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সুনামগঞ্জ: গতকাল বেলা দুইটায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-সুনামগঞ্জ সড়কের নারায়ণপুর গ্রামে একটি যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত এবং নয়জন আহত হন। তাঁরা সবাই লেগুনার যাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লেগুনাটি সুনামগঞ্জ থেকে দিরাই উপজেলায় যাচ্ছিল। পথে নারায়ণপুর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনার যাত্রী প্রণতি রানী দাশ (৩৫) ও তাঁর ছেলে প্রিয়জিৎ দাশ (৬) ঘটনাস্থলেই নিহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে প্রণতি রানীর স্বামীও রয়েছেন। তাঁরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ হাসপাতালে ছুটে যান।
ভৈরব ও তাড়াইল: কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় নাইম ইসলাম (৯) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জগৎচরবাড়ি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাইম স্থানীয় প্রাইম কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাইম জাফরাবাদ গ্রামের আবুল হাসেমের ছেলে। সে খাতা কিনতে জগৎচরবাড়ি বাজারে যাচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত নাইমকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, অটোরিকশাটি শনাক্ত করা যায়নি।
কুমিল্লা: চৌদ্দগ্রাম উপজেলার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতনামা এক রিকশাচালক (৩৫) নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত ব্যক্তির পরিবারের লোকজন লাশটি নিয়ে যান। কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি।