সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের প্রতিবাদ করায় গুলি
ফেনীতে পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গতকাল বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত শিশু আবদুল আউয়াল (৮) মাদ্রাসায় পড়ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর গ্রামের মাদ্রাসার শিক্ষার্থী আবদুল আউয়াল (৮) মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আউয়াল মধ্যম সোনাপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিশু মারা যাওয়ার ঘটনা শোনার পর স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে পিকআপ ভ্যানটি থামানোর চেষ্টা করে। এ সময় পিকআপ ভ্যানের চালকের পক্ষ নিয়ে সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের ওপর হামলা ও গুলি চালায়। এতে কামরুল হাসান (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে ফেনী সদর আধুনিক হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহত হওয়ার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন।