সড়ক দুর্ঘটনায় বিপণন কর্মকর্তা নিহত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম টেকনো ড্রাগ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিপণন কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে মোটরসাইকেলে করে নজরুল ইসলাম ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি ভেলানগর আরএস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই সময় নজরুল ইসলামের মাথায় হেলমেট ছিল বলে স্থানীয়রা জানান।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আবুল কাসেম বলেন, চালককে আটক ও ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।